ফাইনালে প্রাইম ব্যাংক

এ ম্যাচটিতে আবাহনীর চাওয়া-পাওয়ার কিছু ছিল না! গতকালই বিদায় নিশ্চিত হয়েছে তাদের। আবাহনীর না হোক, প্রাইম ব্যাংক সিসির জন্য ম্যাচটি ছিল মহাগুরুত্বপূর্ণ। গতকাল দুটি ম্যাচ শেষে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে তিন দলের পয়েন্ট ছিল ৬! নেট রান রেটে খানিকটা এগিয়ে থাকলেও আজ আবাহনীর কাছে হারলে হিসাব-নিকাশ হয়তো অন্য রকম হতে পারত প্রাইম ব্যাংকের জন্য। প্রাইম ব্যাংক অবশ্য সে সুযোগ দেয়নি আবাহনীকে।বরং আত্মবিশ্বাসের সঙ্গেই ১৬ রানে তারা হারিয়েছে আবাহনীকে।
বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন প্রাইম ব্যাংকের এনামুল হক বিজয়। আজও করেছেন ৬৯ রান। টুর্নামেন্টে তাঁর সংগ্রহ ২৭১, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এনামুলের দারুণ ইনিংসটি শেষ পর্যন্ত বৃথা যায়নি। যদিও আবাহনীর সোহরাওয়ার্দী শুভ ও নাজমুল মিলনের অবিচ্ছিন্ন ৬৮ রানের জুটি ভালোই চোখ রাঙানি দিচ্ছিল প্রাইম ব্যাংককে। শুভ ও মিলন যখন জ্বলে উঠেছেন, ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। তাই আবাহনীর অবিচ্ছিন্ন ষষ্ঠ জুটি জোর তত্পরতা চালিয়েও হারাতে পারেনি সাকিবের প্রাইম ব্যাংককে! আবাহনীর পরাজয়ের ক্ষেত্রে সাকিব, তাইজুল ও সোহাগ গাজীর কিপ্টে বোলিংও কিন্তু কম ‘দায়ী’ নয়! এ তিনজনই ওভারপ্রতি ছয়ের কিছু বেশি রান দিয়েছেন।
এর আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মাহমুদউল্লাহ। ১৫ রানের মাথায় প্রাইম ব্যাংকের লিটন কুমারকে ফিরিয়ে প্রথম তোপ দাগেন নাবিল সামাদ। এরপর অবশ্য এনামুল ও সাকিব দ্রুতই সামলে নেন প্রতিকূল পরিস্থিতি। প্রাইম ব্যাংক অধিনায়ক সাকিবকে ফেরান আবাহনী অধিনায়ক মাহমুদউল্লাহ। সাকিব ১৯ বলে করেন ২৫। সাকিবের বিদায়ের খানিকক্ষণ পর ফেরেন এনামুলও। এর আগে ৫টি চার, ৩টি ছয়ে সাজানো ৪৩ বলে ৬৯ রানের ইনিংসটি বড় সংগ্রহের ইঙ্গিত দেয় প্রাইম ব্যাংককে। টুর্নামেন্টে আরেক সফল ব্যাটসম্যান সাব্বির রুম্মান এদিন করেন ২৬ রান। ২০ ওভারে প্রাইম ব্যাংকের সংগ্রহ ৬ উইকেটে ১৭৫। আবাহনীর পক্ষে নাবিল সামাদ ও মাহমুদউল্লাহ নেন দুটি করে উইকেট।
১৭৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে সাকিবের শিকার হয়ে দলীয় ২৬ রানে ফেরেন শামসুর রহমান। ১১.২ ওভারে ৯১ রানে আবাহনী হারায় ৫ উইকেট। এ অবস্থায় আবাহনীর জয়ের ব্যাপারে আশাবাদী হওয়া কঠিনই বৈকি। কিন্তু হঠাত্ করে শুভ-মিলন চমক! এ দুজনের কল্যাণেই মূলত আবাহনীর চোখে ঝিলিক দিয়ে ওঠে জয়ের স্বপ্ন। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাকিব, তাইজুল ও সোহাগের নিয়ন্ত্রিত বোলিংয়ে আবাহনী শত চেষ্টা করেও ম্যাচটি নিজেদের করতে পারল না। তাদের সংগ্রহ ২০ ওভারে ৫ উইকেটে ১৫৯। আর এ পরাজয়ে শেষ ম্যাচে জয়ের সান্ত্বনা থেকেও বঞ্চিত হলো আবাহনী!