ফাইনালে ফেদেরারের সামনে মারে
উইম্বলডন শুধু তাঁর প্রিয় নয়, তিনি নিজেও যেন উইম্বলডনের প্রিয়! ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা এখানেই। ২০০৩ থেকে টানা পাঁচবার জিতেছেন টেনিসের সবচেয়ে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্ট। ১৬টি গ্র্যান্ড স্লামের ছয়টিই এখানে। সপ্তম উইম্বলডন শিরোপা থেকে এখন একদম নিঃশ্বাস-দূরত্বে রজার ফেদেরার। কাল সেমিফাইনালে নোভাক জোকোভিচকে ৬-৩, ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে উঠে গেছেন ক্যারিয়ারের অষ্টম উইম্বলডন ফাইনালে। গ্র্যান্ড স্লামে ২৪তম ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ অ্যান্ডি মারে। অন্য সেমিফাইনালে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৬-৩, ৬-৪, ৩-৬, ৭-৫ গেমে হারিয়ে গড়লেন একটি ইতিহাসও। ৭৪ বছর পর প্রথম কোনো ব্রিটিশ আবারও উইম্বলডনের ফাইনালে। সর্বশেষ ১৯৩৮ সালে কৃতিত্বটি দেখিয়েছিলেন বানি অস্টিন।গত দুটি উইম্বলডনে হতাশ হয়েছিলেন ফেদেরার। ২০১০ সালে কোয়ার্টার ফাইনালে তাঁকে হারিয়ে দেন টমাস বার্ডিচ, গতবার সোঙ্গা। এই দুই হতাশা এবার রেকর্ড-ছোঁয়া সপ্তম শিরোপা দিয়েই যেন মুছে ফেলতে চান সুইস কিংবদন্তি। তবে ইতিহাস গড়ার হাতছানি মারের সামনেও। ১৯৩৬ সালে ফ্রেড পেরির পর আর কোনো ব্রিটিশের হাতেই যে ওঠেনি গ্র্যান্ড স্লাম শিরোপা!কিছুদিন ধরে টেনিসে ছিল জোকোভিচ-রাজত্ব। মনে হচ্ছে, ফেদেরার যেন সিংহাসন পুনরুদ্ধারের দিকে এগোচ্ছেন। আগামীকাল জিতলে সেটি হবে তাঁর ১৭তম গ্র্যান্ড স্লাম শিরোপা। সাতটি উইম্বলডন জেতা পিট সাম্প্রাসের রেকর্ডটিও ছুঁয়ে ফেলবেন। পুনরুদ্ধার হবে এক নম্বর জায়গাটি। সবচেয়ে বড় কথা, এই ৩০ বছর বয়সীকে ‘ফুরিয়ে গেছেন’ এই কথা আপাতত শুনতে হবে না! এএফপি।