ফাইনালে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু কিরগিজস্তানকে হারিয়েই বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবলের ফাইনালে উঠতে পারত বাংলাদেশ। কিন্তু শ্বাসরুদ্ধকর ম্যাচটিতে হেরে স্বাগতিকদের অপেক্ষাটা এক দিন বেড়ে যায়। অবশেষে লিগ পর্বের শেষ ম্যাচে কাল ৩-০ সেটে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ উঠে গেছে এশিয়ার মধ্যাঞ্চলের ফাইনালে। আজ বিকেল তিনটায় শিরোপার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কিরগিজস্তান।
চার ম্যাচের তিন জয়ে ১০ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আর চার ম্যাচের সব কটিতেই জিতে সর্বোচ্চ ১১ পয়েন্ট পেয়েছে কিরগিজস্তান।
মালদ্বীপের সঙ্গে প্রথম সেটটি জিততে ঘাম ঝরেছে বাংলাদেশের। পুরো টুর্নামেন্টে কোনো ম্যাচে একটি সেটও ৩০ পয়েন্টে যায়নি, কিন্তু কাল বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচের প্রথম সেট শেষ হয় ৩০-২৮ ব্যবধানে। ম্যাচে ২২ পয়েন্টের পর থেকেই দুই দলের লড়াই ছিল দেখার মতো। ২৩-২৩, ২৪-২৪, ২৫-২৫, ২৬-২৬, ২৭-২৭ ও ২৮-২৮ সমতায় থাকে একসময় প্রথম সেটটি। পরের সেট বাংলাদেশ জেতে ২৫-১৬ ব্যবধানে। শেষ সেট বাংলাদেশ জিতেছে ২৮-২৬ পয়েন্টে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন বাংলাদেশ দলের হরজিৎ বিশ্বাস।
দিনের অন্য ম্যাচে কিরগিজস্তান ৩-১ সেটে হারিয়েছে নেপালকে।