ফাইনালে মাদ্রিদ ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে হারিয়ে উঠে গিয়েছিল কোপা ডেল রের ফাইনালে। সেখানে তাদের প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। পরশু সেভিয়াকে ৪-৩ গোলে (দুই লেগ মিলে) হারিয়ে অ্যাটলেটিকো উঠল ফাইনালে। শিরোপার নিষ্পত্তি হবে মাদ্রিদ ডার্বিতে।নিজেদের মাঠে অ্যাটলেটিকো জিতেছিল ২-১ গোলে। সেভিয়ার মাঠে প্রথমার্ধের আগেই ফাইনাল খেলাটা একরকম নিশ্চিত করে ফেলে। ৬ মিনিটে ডিয়েগো কস্তার পর ২৯ মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের গোলে অ্যাটলেটিকো এগিয়ে যায় ২ গোলে। সেভিয়াকে উঠতে হলে তাই কমপক্ষে আরও ৪ গোল করতে হতো। শেষমেশ অবশ্য জেসাস নাভাস ও ইভান রাকিটিচের গোলে ২-২-এ ড্র করতে পেরেছে আন্দালুসিয়ান ক্লাবটি। আরেকটা প্রাপ্তিও আছে অ্যাটলেটিকোর, ব্রাজিলিয়ান স্ট্রাইকার কস্তা এখন কোপা ডেল রের সর্বোচ্চ গোলদাতা (৭ গোল)। ম্যাচ শেষে সেভিয়াকে মাঠ ছাড়তে হয়েছে ৯ জন নিয়ে, গ্যারি মেদেল ও জেফরি কনদগবিয়া দেখেছেন লাল কার্ড। এএফপি।