ফাইনালে মুখোমুখি মেসি-রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর বাকি ৩ দিন
আর বাকি ৩ দিন

আর সবার মতো রিও ফার্ডিনান্ডও শিরোপার সবচেয়ে বড় দাবিদার মানছেন ব্রাজিলকেই। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার মনে করেন ঘরের মাঠে ব্রাজিলকে রুখে দিতে পারে দুটি মাত্র দেশ—লিওনেল মেসির আর্জেন্টিনা এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনাকে শিরোপার দাবিদার মানছেন অনেকেই। মেসির সঙ্গে গঞ্জালো হিগুয়েইন, সার্জিও আগুয়েরো, অ্যাঙ্গেল ডি মারিয়াদের সমন্বয়ে আলেসান্দ্রো সাবেলার দল অন্যতম ফেবারিট। ব্রাজিলকে হারিয়ে মেসি-হিগুয়েইনরা শিরোপা জিততেই পারে। তাই বলে পর্তুগালও? ক্রিস্টিয়ানো রোনালদোর কারণেই ফার্ডিনান্ডও পর্তুগালকে নিয়ে আঁকছেন অনেক দূরের ছবি।
কিন্তু রোনালদো বিশ্বকাপে খেলতে পারবেন কি না, সেটাই এখনো নিশ্চিত নয়। রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব মৌসুম শেষ করে পর্তুগাল শিবিরে যোগ দিয়ে রোনালদো একটা প্রস্তুতি ম্যাচও খেলতে পারেননি৷ সম্প্রতি অনুশীলনে ফিরেছেন বটে; তবে অনিশ্চয়তার মেঘ এখনো কাটেনি। সেটা মাথায় রেখেই ব্রিটিশ দৈনিক মেইল–এর অনলাইন সংস্করণে নিজের কলামে ফার্ডিনান্ড লিখেছেন, ‘যদি সে খেলতে পারে সেটা হবে দারুণ। সেটা হলে আমি মনে করি, পর্তুগিজ সব বড় দলকেই হারাতে পারবে ।’
এমনিতে তাঁর চোখে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনালেরই ছবি। তবে রোনালদো পুরোপুরি ফিট থাকলে দৃশ্যটা বদলে ১৩ জুলাই মারাকানায় পর্তুগাল-আর্জেন্টিনার ফাইনাল হতে পারে বলেই মনে করেন তিনি, ‘ফাইনালে এক পাশে রোনালদোর দল, অন্য পাশে বিশ্বের দ্বিতীয় সেরা খেলোয়াড় মেসির দল হলে দৃশ্যটা কেমন হবে কল্পনা করতে পারেন?’
মাঠে রোনালদো কেমন সেটা সবারই জানা। প্রচণ্ড জেদি, একটু অহংকারী বলেও প্রচারণা আছে। একসময়ের সতীর্থ ফার্ডিনান্ড মাঠের রোনালদো, মাঠের বাইরের রোনালদো এবং মানুষ রোনালদোকেও খুব ভালো করে চেনেন। সেই চেনা-জানা থেকেই বলছেন, ‘মানুষ ওর আবেগটাই দেখে—তবে আমি তাতে ভুল কিছু দেখি না। ক্রিস্টিয়ানোর আবেগ খুব বেশি! কিন্তু এটাই ওর জ্বলুনি, ওর অনুপ্রেরণা। মেসির সঙ্গে তুলনা করে লেখা সব কলামই সে পড়ে। একবার ও বলেছিল ‘তারা কীভাবে বলে আমার চেয়ে মেসি ভালো? আমি এই লেখকদের ভুল প্রমাণ করব।’ এমনটাই ওর মানসিকতা।’
রোনালদো ফিট থাকলে আলাদা কথা। কিন্তু তিনি খেলতে না পারলে পর্তুগাল খুব বেশি দূর যেতে পারবে না বলেই মনে করেন ২০১০ বিশ্বকাপে চোটের কারণে স্বপ্নভঙ্গ হওয়া ফার্ডিনান্ড । সে ক্ষেত্রে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল হবে বলেই তাঁর বিশ্বাস, ‘আমি দেখতে পাচ্ছি এক সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে দেবে ব্রাজিল (পর্তুগাল না থাকলে), অন্যটিতে আর্জেন্টিনা হারাবে স্পেনকে।’ অন্য সবার মতো ফার্ডিনান্ডের বিশ্বাস, বিশ্বকাপে নেইমারই ব্রাজিলের অনুপ্রেরণা। তবে তাঁর দাবি, মেসি ছাড়াই আর্জেন্টিনা যথেষ্ট শক্তিশালী। মেসিকে ছাড়াই শিরোপা জয়ের সামর্থ্য আছে হিগুয়েইন-আগুয়েরো-ডি মারিয়াদের!
ইউরো-বিশ্বকাপ-ইউরো চ্যাম্পিয়ন স্পেনের খুব বেশি সম্ভাবনা দেখছেন না। কারণ বয়স। বয়সই জাভিদের ট্রফি হারানোর কথা বলে! তা নিজের দেশ ইংল্যান্ডের সম্ভাবনা কতটুকু দেখছেন ফার্ডিনান্ড? ‘মৃত্যুকূপ’ থেকে রয় হজসনের দল গ্রুপপর্ব পেরোতে পারবে কি না, সেটাই নিশ্চিত নন ইংল্যান্ডের হয়ে ৮১টি ম্যাচ খেলা ডিফেন্ডার! রুনিরা তাঁদের সাবেক সতীর্থের কলামটা কি পড়েছেন? ওয়েবসাইট।