ফাইনালে মুখোমুখি সাকিব-তামিম

তাঁর রান ৯৯ হতেই ড্রেসিংরুম থেকে বাইরে বেরিয়ে এলেন সব সতীর্থ। সেঞ্চুরি হতেই তালি আর চিৎকারে অভিনন্দন। যেন কোনো আন্তর্জাতিক ম্যাচ! এক হাতে হেলমেট, আরেক হাতে ব্যাট উঁচিয়ে দৌড় আর শূন্যে বিশাল লাফ—তামিম ইকবালের উদ্যাপনও মনে করিয়ে দিল লর্ডস-ওল্ড ট্রাফোর্ডকে। এটি না হতে পারে আন্তর্জাতিক ম্যাচ, ২০ ওভারের ম্যাচে সেঞ্চুরি সব সময়ই বিশেষ কিছু। তামিমের বাঁধনহারা উদ্যাপন যেন সেই ঘোষণাই দিল।
অধিনায়কের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ইউসিবি-বিসিবি তুলল রেকর্ডগড়া স্কোর। জহুরুল-জুনায়েদের ঝড় সামলে অঘোষিত সেমিফাইনালে মোহামেডানকে ২৯ রানে হারিয়ে ফাইনালে উঠে গেল শুরুতে স্পনসর না পাওয়া দলটিই। এর আগেই ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাকিব-তামিমের ফাইনাল আগামীকাল দুপুর আড়াইটায়।
২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে পা রাখার পর প্রথম সাত বছরে সেঞ্চুরির স্বাদ পায়নি কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। কিন্তু এ বছরই সেঞ্চুরি পেলেন চারজন! বিপিএলে শাহরিয়ার নাফীস (১০২*) ও মোহাম্মদ আশরাফুলের (১০৩*) পর এই টুর্নামেন্টেই এনামুল হক (১০৫)। কাল সবাইকে ছাড়িয়ে গেলেন তামিম।
সহজাত আক্রমণাত্মক ক্রিকেটার হয়েও শুরুর দিকে টি-টোয়েন্টি ব্যাটিংয়ের ভাষাটা পড়ে উঠতে পারছিলেন না তামিম। সময়ের পরিক্রমায় সেই তামিমকেই এখন বলা যায় দেশের সেরা টি-টোয়েন্টি ব্যাটসম্যান। কালকের আগে টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ ছিল এসএলপিএলে ওয়াইয়াম্বা ইউনাইটেডের হয়ে অপরাজিত ৯৩। কাল ইনিংসের প্রথম দুই বলে মাশরাফিকে পয়েন্টের দুই পাশ দিয়ে দুটি চার মেরে শুরু করেছিলেন তামিম। টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটি ছুঁয়েছেন ৩৫ বলে, পরের ১৭ বলেই ৫০ করে ছুঁয়েছেন প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। প্রায় নিখুঁত ইনিংসে জীবন পেয়েছেন মাত্র একবারই, ১২৬ রানে। শেষ পর্যন্ত ফিরেছেন ১৬ চার ও ৪ ছক্কায় ৬৪ বলে ১৩০ করে।
৩৪ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে মিঠুনের (২৭ বলে ৪১) সঙ্গে ৬৯ বলে ১৩৪ রানের জুটি গড়েন তামিম। পরে মুক্তার আলীর ৭ বলে অপরাজিত ১৯ রানে ইউসিবি ছুঁয়ে ফেলে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের রেকর্ড। গত বিপিএলে রংপুর রাইডার্সের বিপক্ষে ২১৭ রান তুলেছিল ঢাকা। এই রানটাকেও অবশ্য তাড়া করার হুমকি ছিল জহুরুল-জুনায়েদের ব্যাটে। বিশেষ করে জহুরুল ইসলাম খেলেছেন দুর্দান্ত, দেখিয়েছেন কীভাবে ক্রিকেট শট খেলেই বইয়ে দেওয়া যায় টর্নেডো। ২১ বলে ফিফটি ছুঁয়ে আউট হয়েছেন ৭ চার ও ৬ ছক্কায় ৩১ বলে ৮০ করে। ওই ওভারেই এনামুল জুনিয়র ফিরিয়েছেন জুনায়েদকে (২১ বলে ৩৬)। ৫১ বলে ১১৮ রানের অসাধারণ এক উদ্বোধনী জুটির পর আর কেউ অনুসরণ করতে পারেননি দুই ওপেনারকে। সম্ভাবনা জাগিয়েও তাই শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হারতে হয়েছে মোহামেডানকে।
আগেই ছিটকে যাওয়া আবাহনী কাল বাগড়া দিতে পারেনি প্রাইম ব্যাংকের পথে। এনামুলের গড়ে দেওয়া ভিত্তি (৪৩ বলে ৬৯) আর সাকিব-সাব্বিরদের ব্যাটে প্রাইম ব্যাংক তোলে ১৭৫। আবাহনী ৫ উইকেট হারিয়ে ফেলে ৯১ রানে। ষষ্ঠ উইকেটে নাজমুল মিলন ও মোহাম্মদ সোহরাওয়ার্দীর ৫২ বলে ৬৮ রানের জুটি শুধু ব্যবধানই কমিয়েছে।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম ব্যাংক-আবাহনী
প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১৭৫/৬ (এনামুল ৬৯, সাব্বির ২৬, সাকিব ২৫, সৈকত ১৫; মাহমুদউল্লাহ ২/২০, নাবিল ২/৪০, সৌম্য ১/৮, শুভাশিস ১/৪১)। আবাহনী: ২০ ওভারে ১৫৯/৫ (নাজমুল মিলন ৪৬*, সোহরাওয়ার্দী ৩৫*, মেহেদি ১৭, শামসুর ১৬, মিজানুর ১৫; মাহমুদউল্লাহ ২০; সাব্বির ১/৩, সাকিব ১/২৪, সোহাগ ১/২৬, তাইজুল ১/২৬)।
ফল: প্রাইম ব্যাংক ১৬ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: এনামুল হক।
ইউসিবি বিসিবি-মোহামেডান
ইউসিবি-বিসিবি: ২০ ওভারে ২১৭/৪ (তামিম ১৩০, মিঠুন ৪১, মুকতার ১৯*, ইমরুল ১৯, রনি ১১; সাব্বির ২/৫৩, শরীফউল্লাহ ১/২৭, সানি ১/৪৩)। মোহামেডান: ১৮.৪ ওভারে ১৮৮ (জহুরুল ৮০, জুনায়েদ ৩৬, তাইবুর ১৯, নুরুল ১৮, শাহরিয়ার ১৬; মুক্তার ৩/২৯, শহীদ ২/৩১, এনামুল ২/৪৯, আরাফাত ১/২৫, আল আমিন ১/৩১)।
ফল: ইউসিবি-বিসিবি ২৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।