ফাইনালে ম্যানইউর এক পা
স্বপ্নটা ওয়েইন রুনির একার নয়, ওয়েম্বলিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলার স্বপ্নটা পুরো দলের। পরশু অসাধারণ খেলে রুনি ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে গেছেন সেই স্বপ্নপূরণের কাছে।শালকের মাঠ গেলশেনকারসেনে ২-০ গোলে প্রথম লেগ জিতে অ্যালেক্স ফার্গুসনের দল চ্যাম্পিয়নস লিগে চার বছরের মধ্যে তৃতীয় ফাইনালের দুয়ারে দাঁড়িয়ে গেছে। নিষ্ফলা প্রথমার্ধের পর দলকে প্রথম এগিয়ে দেন ৩৭ বছর বয়সী উইঙ্গার রায়ান গিগস। ৬৭ মিনিটে করা গিগসের গোলটির উৎস ছিলেন রুনি। ২ মিনিট পর রুনি নিজেই করেন দ্বিতীয় গোলটি।শুধু গোল করা বা করানোর জন্যই নয়, শালকের বিপক্ষে ম্যানইউর আক্রমণভাগকে এক সুতায় গেঁথে রেখেছিলেন রুনিই। রুনি-গিগস-হার্নান্দেজরা ভালো খেলেছেন ম্যাচের শুরু থেকেই। অনেক গোছানো ফুটবল খেলেও ম্যানইউ যে প্রথমার্ধে গোল পায়নি, তার কারণ ম্যানুয়েল নয়ার। শালকের এই জার্মান গোলরক্ষক গোটা প্রথমার্ধই একা বুক চিতিয়ে লড়েছেন ম্যানইউর সঙ্গে।ম্যাচের শুরু থেকে ম্যানইউর একের পর এক আক্রমণ রুখেছেন নয়ার। এর মধ্যে গিগসকেই গোলবঞ্চিত করেছেন তিনবার। নয়ারের বাধায় প্রথমার্ধে গোল পাননি রুনিও। হার্নান্দেজ-ভ্যালেন্সিয়ারাও ব্যর্থ হয়েছেন নয়ার-দেয়াল ভাঙতে।রুনি-ফার্গুসনরা ম্যাচ শেষে নিজেদের ভালো খেলার কথা যেমন বলেছেন, তেমনি নয়ারের জন্য প্রশংসাও কিছু বরাদ্দ রেখেছেন। ‘ম্যানইউতে আমার সময়ে আমাদের বিপক্ষে সবচেয়ে ভালো গোলকিপিং মনে হয় এটাই’—নয়ারের প্রশংসা করেছেন ম্যানইউ কোচ ফার্গুসন। রুনি বলেছেন, ‘ওদের গোলরক্ষক অবিশ্বাস্য কিছু সেভ করেছে। তবে শেষ পর্যন্ত আমরা দুটি গোল পেয়েছি।’এই দুই গোলে একটা শাপমোচনও বুঝি হয়ে গেল রুনির। ২০০৬ সালে এই মাঠেই পর্তুগালের বিপক্ষে হেরে বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন গিয়েছিল ইংল্যান্ডের। ম্যানইউর সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বচসা করে লাল কার্ড দেখেছিলেন রুনি।তবে শাপমোচন-টোচন কিছু নয়, রুনি এখন বিভোর ওয়েম্বলি-ফাইনাল নিয়ে। ম্যাচ শেষে উয়েফার অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন সেটাই, ‘প্রতিপক্ষের মাঠ থেকে ২-০ গোলে জিতে আসাটা খুব ভালো ফল। ওয়েম্বলিতে ফাইনাল খেলতে পারলে দারুণ হবে।’ওয়েম্বলি-স্বপ্ন এত সহজে ছাড়ছেন না রিয়াল মাদ্রিদ ও স্পেন সাবেক স্ট্রাইকার রাউল গঞ্জালেস। বলতে গেলে প্রত্যাশাতীত এক আশাই পুষে রাখছেন তিনি, ‘পরের লেগে যেকোনো কিছুই সম্ভব। আপনি জানেন না যে কী ঘটতে পারে। ধরুন, আমরা একটি পেনাল্টি পাব, ওদের একজন লাল কার্ড দেখবে! ফুটবলে সবকিছুই সম্ভব।’ শালকে কোচ রালফ রাংনিকও রাউলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ফুটবলে ‘সব সম্ভব’-এর জয়গান গেয়েছেন, ‘কেন আশা ছেড়ে দেব? ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে।’ ৪ মে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে কী ঘটবে? এএফপি, ওয়েবসাইট।