ফাইনালে যেতে পারল না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত সংগৃহীত রান যথেষ্ট হলো না বাংলাদেশের মেয়েদের। চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে গেল বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগৃহীত ৮২ রান ১৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই টপকে যায় পাকিস্তান। পাকিস্তানের বিসমাহ মারুফ সর্বোচ্চ ২৭ রান করেন। ২৫ রান করেন নিদা দার। বাংলাদেশের জাহানারা আলম, পান্না ঘোষ, রুমানা আহমেদ ও শুকতারা রহমান একটি করে উইকেট দখল করেন। প্রথমে ব্যাট করতে নেমে ফারজানা হকের ব্যাট থেকে আসা ২৮ রানই ছিল বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর পর থেকে যাওয়া-আসার মিছিলে পড়ে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিতে পাকিস্তানের বিপক্ষে সংগ্রহটাকে ১০০ রানের কোটা পার করা আর হয়নি বাংলাদেশের।এর আগে ভালো ‘শুরু’টাকে বেশিদূর টেনে নিয়ে যেতে পারেননি ফারজানা হক ও সানজিদা ইসলাম। দলীয় ২৪ রানে প্রথম উইকেটের পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩৮ রানে। ৪১ রানে তৃতীয়, সেই ৪১ রানেই চতুর্থ, ৫২ রানে পঞ্চম ও ৫৫ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে বড় সংগ্রহের সম্ভাবনাকে কবর দিয়েছেন বাংলাদেশের টপ অর্ডাররাই। ফারজানার ২৮ রানের পর সানজিদা, রুমানা, লতা ও তাজিয়ার ব্যাট থেকে এসেছে যথাক্রমে, ৬, ৪, ১ ও ৩ রান। অধিনায়ক সালমা খাতুন ও শুকতারা রহমানের দুটি ছোট্ট অথচ কার্যকর ইনিংস শেষ পর্যন্ত বাংলাদেশের ইনিংসকে নিয়ে যায় মোটামুটি লড়াই করার মতো পর্যায়ে। সালমা ১৪ রান করে আউট হন। শুকতারা অপরাজিত থাকেন ১৬ রানে।পাকিস্তানের পক্ষে বিসমাহ মারুফ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ২ ওভার বল করে মাত্র ৯ রানে দুটি উইকেট দখল করেন। এ ছাড়া নিদা দার ১৩ রানে দুটি এবং সাদিয়া ইউসুফ ও সানা মির একটি করে উইকেট দখল করেন।