ফাইনালে যেতে ১৯৩ রান চাই মুম্বাইয়ের
প্রায় শেষের পথে চলে এসেছে আইপিএলের ষষ্ঠ আসর। গ্রুপ পর্ব শেষে এবার শুরু হয়েছে শিরোপা জয়ের চূড়ান্ত লড়াই। আজ প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মুখোমুখি হয়েছে এবারের আইপিএলে গ্রুপ পর্বের শীর্ষ দুই দল মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। শুরুতে ব্যাটিং করে মাইক হাসি ও সুরেশ রায়নার দুর্দান্ত ঝড়ো ব্যাটিংয়ে মুম্বাইকে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে চেন্নাই। ৫৮ বলে ৮৬ রান করে অপরাজিত ছিলেন হাসি। সুরেশ রায়না ছিলেন আরও বিধ্বংসী ভূমিকায়। তিনি ৮২ রানের হার না মানা ইনিংসটি খেলেছেন মাত্র ৪২ বলে।টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভালোভাবেই করেছিল চেন্নাই সুপার কিংস। উদ্বোধনী জুটিতেই ৫২ রান সংগ্রহ করে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন দুই ওপেনার মাইক হাসি ও মুরলি বিজয়। অষ্টম ওভারে এই জুটি ভেঙ্গে মুম্বাই শিবিরে স্বস্তি ফেরান কাইরন পোলার্ড। তবে এই স্বস্তি খুব বেশিক্ষণ থাকেনি মাইক হাসি ও সুরেশ রায়নার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। দ্বিতীয় উইকেটে ১৪০ রানের দারুণ এক ঝড়ো জুটি গড়ে মুম্বাইয়ের বোলারদের নাজেহাল করেন এই দুই ব্যাটসম্যান। শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তাঁরা। ৪২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলার পথে পাঁচটি ছয় ও পাঁচটি চারের মার মেরেছেন সুরেশ রায়না।আজকের ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে আইপিএলের ফাইনালে। পরাজিত দলকে অংশ নিতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে।