ফাইনালে রোনালদিনহোর দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদিনহো বলেছিলেন, প্রয়োজনে রক্ত ঝরিয়ে দেবেন। না, রক্ত ঝরাতে হয়নি। তবে অ্যাটলেটিকো মিনেইরোকে ঘাম ঝরাতে হয়েছে যথেষ্টই। আর সেই কষ্টের ফসল প্রথম লেগে ০-২ গোলের পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে নিওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে ফিরতি লেগে ২-০ গোলের জয়। মোট গোলে সমতা, সুতরাং ম্যাচ যায় টাইব্রেকারে। এবং সেখানেও ৩-২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো কোপা লিবার্তাদোরেসের ফাইনালে মিনেইরো। সামনের বুধবার ফাইনালের প্রথম লেগে রোনালদিনহোর দলের প্রতিপক্ষ অলিম্পিয়া। সেমিফাইনালে কলম্বিয়ার সান্তা ফেকে বিদায় করে দিয়ে চতুর্থ শিরোপার প্রত্যাশায় প্যারাগুয়ের ক্লাব।বিরতির আগে-পরে মিলিয়ে ২০ মিনিট যোগ হওয়া সময়, হঠাৎ লোডশেডিং আর উত্তেজনায় ঠাসা এক টাইব্রেকার মিলে বেলো হরিজন্তে স্টেডিয়ামে ফিরতি লেগের ম্যাচটা ছিল নাটকীয়তায় ঠাসা। শেষ দৃশ্যে ম্যাক্সি রদ্রিগেজের পেনাল্টি ফিরিয়ে দিয়ে সেই নাটকের নায়ক মিনেইরো গোলরক্ষক ভিক্টর। প্রথম চারটি শটে গোল পেয়েছেন দুই দলের চারজনই। পরের চারজন আবার নষ্ট করেছেন চারটি শট। মিনেইরোর হয়ে রোনালদিনহো পঞ্চম শটে গোল করার পর বাকি দায়িত্বটা বর্তায় ভিক্টরের কাঁধে। রদ্রিগেজের শট রুখে দেওয়া মিনেইরো গোলরক্ষক অবশ্য ম্যাচ শেষে জানিয়েছেন পেনাল্টি শুট-আউটের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছিলেন তিনি, ‘ও (ম্যাক্সি রদ্রিগেজ) বোকা জুনিয়র্সের সঙ্গে পেনাল্টি শুট-আউটে দুবারই নেটের কোনায় শট নিয়ে গোল করেছিল, আমিও আজ সেদিকেই ঝাঁপিয়েছি। দলের গবেষকদের ধন্যবাদ তথ্যটা আমাকে জানানোর জন্য।’ কোয়ার্টার ফাইনালে বোকা জুনিয়র্সের সঙ্গে গোলশূন্য দুই লেগের পর মহানাটকীয় টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে নিওয়েলস ওল্ড বয়েজ জিতলেও এদিন ভাগ্য সঙ্গে ছিল না তাদের।কোপা লিবার্তাদোরেসের নিয়মানুযায়ী অতিরিক্ত সময়ে খেলা হওয়ার কোনো নিয়ম নেই। দুই লেগ মিলিয়ে ড্র করে সরাসরি টাইব্রেকারে নিয়ে যেতে হলে অন্তত ২ গোল করতে হবে জেনে মাঠে নেমেছিল রোনালদিনহোর দল। ৩ মিনিটের মধ্যে সেই ব্যবধান কমিয়ে আনতে বড় ভূমিকা সাবেক বার্সেলোনা তারকারই। তাঁর দুর্দান্ত পাস থেকে বার্নার্ডের বাঁ পায়ের শটে ম্যাচে এগিয়ে যায় মিনেইরো। তবে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যেতে ব্রাজিলিয়ান ক্লাবটিকে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধে যোগ হওয়া ১১ মিনিটের সময়ের পাঁচ মিনিট পর্যন্ত। বদলি ফরোয়ার্ড গিলের্মের ২০ গজি শট নিওয়েলস ওল্ড বয়েজের গোলরক্ষককে ফাঁকি দিয়ে ঢোকে জালে। বেলো হরিজন্তে স্টেডিয়ামে উৎসব শুরু হয়ে গিয়েছিল তখনই। তবে শিরোপা জিতেই এই উৎসবকে আরও রাঙিয়ে তোলার ইচ্ছা রোনালদিনহোর, ‘এ যে কী সুখ আমি বলে বোঝাতে পারব না। যে শিরোপা কখনোই জেতা হয়নি সেটা জেতার ইচ্ছেই আমাকে খেলতে অনুপ্রেরণা জোগায়। আমরা সবাই জানি আমাদের সামনে ইতিহাস গড়ার সুযোগ।’এএফপি।