ফাইনালে শেখ জামাল
গোল করার আনন্দে উচ্ছ্বাসে ভেসে উঠবে সবাই। গোলদাতার সঙ্গে হাই ফাইভ করবে সতীর্থরা—ফুটবল ম্যাচের এমন চিরায়ত দৃশ্যেও যেন চূড়ান্ত আলসেমি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মেয়েদের! হবে না-ই বা কেন? প্রতিটি ম্যাচেই হচ্ছে মুড়ি মুড়কির মতো গোল। এ যেন পাড়ার কোনো দলের সঙ্গে জাতীয় দলের খেলা! ওয়ালটন মহিলা ফুটবল লিগে কালও যেমন বরাবরের মতোই হেসেখেলে জিতল শিরোপা প্রত্যাশী শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে এদিন ফরাশগঞ্জকে ১৬-০ গোলে হারিয়ে উঠে গেল ফাইনালে। ডাবল হ্যাটট্রিক করেছেন জাতীয় দলের স্ট্রাইকার সাবিনা খাতুন ও শারমিন আক্তার (রুপা)। চার ম্যাচে সাবিনার গোল ২৪টি। কাল অবশ্য ১১ মিনিটে গোল উৎসবের শুরু করেন রুপা। ৮১ মিনিটে গোল উৎসবের ইতি টানেন সাবিনা। মাঝে নুবাই চিং দুটি, মিরোনা ও অম্রা চিং করেছেন একটি করে গোল। আজ দ্বিতীয় সেমিফাইনাল। খেলছে মোহামেডান-দীপালি সংঘ। ফাইনাল ১৪ অক্টোবর।