ফাইনালে শ্রীলঙ্কা
ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে আগের ম্যাচে ৬ উইকেটে হারের পাশাপাশি রনদিভের নো বল বিতর্কের কারণে যথেষ্ট নাকাল হতে হয়েছিল শ্রীলঙ্কাকে। এবার ভারতকে ৮ উইকেটে হারিয়ে প্রতিশোধটা ভালোমতোই নিল শ্রীলঙ্কা। সেই সঙ্গে সবার আগেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছে গেল সাঙ্গাকারার দল।টসে জিতে ব্যাট করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। থিসারা পেরেরার দুর্ধর্ষ বোলিংয়ে ৩৩ ওভার ৪ বলে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। ষষ্ঠ ওভারেই শেবাগকে ফিরিয়ে দিয়ে ভারতের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করে দিয়েছিলেন কুলাসেকারা। আগের ম্যাচে ৯৯ রান করা শেবাগ এই ম্যাচে বিদায় নিয়েছেন ১২ রান করে। ২ ওভার পর কুলাসেকারার বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান আরেক ওপেনার দিনেশ কার্তিক। দলীয় ৫০ রানের মাথায় অ্যাঙ্গেলা ম্যাথিউসের শিকারে পরিণত হন রোহিত শর্মা। এরপর বল হাতে তাণ্ডব শুরু করেন থিসারা পেরেরা। প্রথম ওভারেই তুলে নেন সুরেশ রায়নার উইকেট। এরপর একে একে ধরাশায়ী করেন ধোনি, রবীন্দ্র জাদেজা, প্রাভিন কুমার ও ইশান্ত শর্মাকে। ৪ উইকেটে ৬১ রান থেকে ভারতের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৮০ রান। একাই অনেকক্ষণ প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন যুবরাজ সিং। কিন্তু ৩৮ রান করে মালিঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান যুবরাজ। ভারতের ইনিংস শেষ হয় ১০৩ রানে।১০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই দ্রুতগতিতে রান সংগ্রহ করতে থাকেন দুই শ্রীলঙ্কান ওপেনার জয়াবর্ধনে ও দিলশান। দশম ওভারে দলীয় ৭৯ রানের মাথায় পরপর দুই বলে জয়াবর্ধনে ও দিলশানকে প্যাভিলিয়নে পাঠান ইশান্ত শর্মা। এরপর আর কোনো উইকেট না হারিয়েই শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেন অধিনায়ক সাঙ্গাকারা ও উপল থারাঙ্গা।২৫ আগস্ট ত্রিদেশীয় সিরিজের পরবর্তী ম্যাচে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ভারত। ওয়েবসাইট