ফাইনালে শ্রীলঙ্কা, শিরোপা ফিরছে এশিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ড: ৪৮.৫ ওভারে ২১৭শ্রীলঙ্কা: ৪৭.৫ ওভারে ২২০/৫ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ীউৎসবের উপলক্ষ ছিল। শ্রীলঙ্কার মাটিতে প্রথম বিশ্বকাপ সেমিফাইনাল। ক্রিকেটের সর্বোচ্চ আসরে টানা দ্বিতীয় ফাইনাল খেলার সুযোগ। আবার বিদায়ের রাগিণীও ছিল। দেশের জার্সি গায়ে ইতিহাসের সেরা ক্রিকেট তারকার কালই যে ছিল নিজের মাটিতে শেষ পদচারণ!বিষাদের ছোঁয়া তাই ছিল। কিন্তু যাঁকে ঘিরে বিষাদের ছোঁয়া, তিনি নিজেই তো সবাইকে আনন্দে ভাসাতে চাইছেন। শতভাগ ফিটের কাছাকাছিও ছিলেন না, মুত্তিয়া মুরালিধরন তবু নিলেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। অবিশ্বাস্য এক ক্যারিয়ারের শেষটাও হলো রূপকথার মতো। টেস্টের মতো ওয়ানডেতেও দেশের মাটিতে শেষ বলে উইকেট। কিন্তু দল না জিতলে যে এই রূপকথা পূর্ণতা পায় না!ক্যারিয়ারে অপূর্ণতা বলে যাঁর বেশি কিছু নেই, শেষবেলায় কেন থাকবে! শ্রীলঙ্কা জিতল ৫ উইকেটে। নিশ্চিত করল বিশ্বকাপ ইতিহাসের প্রথম সর্ব-এশীয় ফাইনালও। এবারের বিশ্বকাপ এখন সব দিক থেকেই উপমহাদেশের! আর নিউজিল্যান্ড? ষষ্ঠবারের মতো ‘সফলতার’ সঙ্গে সেমিফাইনাল থেকে বিদায়, কিউইদের গর্বের রেকর্ডটায় ‘কালির আঁচড়’ পড়ল না। সত্যিই তারা সেমিফাইনালের দল! তবে সত্যি বলতে, এই বিশ্বকাপে যা করেছে, তাতে গর্ব করতে পারে ভেট্টোরি বাহিনী।মুরালির বিদায়ের বিষাদ কিছুটা তো থাকবেই। কিন্তু সঙ্গে টানা দ্বিতীয় ফাইনাল, দেশের মাটিতে সেমিফাইনাল জয়ের উৎসবেও তো থাকছে। বিদায়বেলায় হাসতে পারছেন মুরালি, এটাই সবচেয়ে বড়। প্রায় ১৯ বছর দলকে, দেশকে অসংখ্য উৎসবের উপলক্ষ এনে দিয়েছেন যিনি, বিদায়বেলার তাঁর মুখের হাসিটাও তো সতীর্থ, দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য অনেক বড় প্রাপ্তি! কান ফাটানো শব্দে বাজি পুড়ল, কনফেত্তি উড়ল। প্রথমবারের মতো দেখা গেল, শ্রীলঙ্কানরাও গ্যালারিতে উন্মত্ত হতে পারেন। সবকিছুই জানান দিল, মুহূর্তটা শুধুই উৎসবের। অবশ্য খেলা শেষের ঘণ্টা খানেক আগেও যতটা মনে হচ্ছিল, ততটা সহজ হয়নি শ্রীলঙ্কার জয়। ৯ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল নিউজিল্যান্ড। পরে উইকেট পড়েছে আরও একটি, তবে ম্যাড়মেড়ে ম্যাচে কিছুটা রোমাঞ্চ ছড়ানো ছাড়া আর কিছু তাতে হয়নি। লক্ষ্য যখন ২১৮, আর এক জুটিই ১২০ রান তুলে দেয়, ম্যাচে আর থাকে কী! ম্যাচ তো আসলে শেষ দিলশান-সাঙ্গাকারার ওই দ্বিতীয় উইকেট জুটিতেই।এমনিতে শুরু থেকে হাত খুলে খেলেন দিলশান। কাল শুরু করলেন উপুল থারাঙ্গা। দিলশানকে ৬ রানে রেখে চলে গেলেন ৩০-এ, এই বিশ্বকাপে প্রথম ব্যাটসম্যান হিসেবে হয়ে গেল চারের ফিফটিও। দারুণভাবে শুরু হওয়া ইনিংসটা শেষ হয়েছে এর চেয়েও দারুণ এক ক্যাচে। সাউদির অফ স্টাম্পে বাইরের এক বাজে বলে থারাঙ্গার ব্যাট থেকে বের হওয়া গোলা নাদুসনুদুস শরীরের জেসি রাইডার পয়েন্টে ঝাঁপিয়ে পড়ে এক হাতে জমিয়েছেন ১.০৪ সেকেন্ডের প্রতিক্রিয়ায়! এর পরই দিলশান-সাঙ্গাকারার জুটি। দিলশান কাল শুরুতে ছিলেন অনেক সতর্ক, উইকেটে জমে যাওয়ার পর হাত খুলেছেন। ৭৩ রানের ইনিংসটার পথে টপকে গেছেন জোনাথন ট্রটকে (৪২২), এই বিশ্বকাপে রান সংগ্রহের চূড়ায় এখন দিলশান (৪৬৭)। চার শ পেরিয়েছেন অধিনায়ক সাঙ্গাকারাও। সাউদি-ম্যাকাইয়ের পেস ফিরিয়েছে এই দুজনকে। কাল ৩ উইকেট নিয়ে সাউদি এখন জহির খানের সঙ্গে এই বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১৭)। তবে কাল নিউজিল্যান্ডের সেরা বোলার ছিলেন নিঃসন্দেহে কাইল মিলসের বদলে সুযোগ পেয়ে মাত্রই দুই দিন আগে দলে যোগ দেওয়া অ্যান্ডি ম্যাকাই। সেই একই উইকেটে খেলা। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এ নিয়ে অসন্তোষটা গোপন রাখেননি। তাই বলে ওই কোয়ার্টার ফাইনালটাকেই এভাবে মনে করিয়ে দেবে তাঁর দল! শুরুতে তিন উইকেট নেই, চতুর্থ উইকেটে ইনিংসের সবচেয়ে বড় জুটি, শেষে আবার পথ হারিয়ে ফেলা—কালকের নিউজিল্যান্ড ইনিংসটা যেন কোয়ার্টারের ইংল্যান্ড ইনিংসের ফটোকপি। ইংল্যান্ড প্রথম ৩ উইকেট হারিয়েছিল ৯৫ রানে, নিউজিল্যান্ড ৮৪ রানে।ব্রেন্ডন ম্যাককালামের হঠাৎ মস্তিষ্ক বিস্ফোরণ দিয়ে শুরু, রঙ্গনা হেরাথের সোজা বলে আড়াআড়ি খেলে বোল্ড। পরের উইকেট শ্রীলঙ্কার সেরা দুই বোলারের অসাধারণ দুটি ডেলিভারিতে। মুরালিধরন পুরোপুরি ফিট নন, বোঝা যাচ্ছিল প্রতিটি পদক্ষেপেই। কিন্তু হাফ ফিট মুরালি যে এখনো যেকোনো দলের জন্য হুমকি! শেষ আটে নিউজিল্যান্ডের জয়ের অন্যতম নায়ক জেসি রাইডার কালও থিতু হয়ে গিয়েছিলেন। মুরালির অফ স্টাম্পের বাইরের বলটাকে তাই কাট করতে গিয়েছিলেন! আপাতনিরীহ বলটাই হঠাৎ একটু বাড়তি লাফিয়ে উঠল, কট বিহাইন্ড! প্রথম ওভারটা করানোর পর সাঙ্গাকারা লাসিথ মালিঙ্গার হাতে তুলে দিয়েছিলেন ২০ ওভার পুরোনো বল। প্রথম দুটি বলই ছিল ইয়র্কার, মার্টিন গাপটিল জানতেন, পরের বলটিও তা-ই হবে। হয়েছেও তা-ই। কিন্তু বিদ্যুৎ-গতির ওই ‘লেট সুইঙ্গিং’ ইয়র্কারটার জবাব জানা ছিল না এমনকি ঘণ্টা দুয়েক উইকেটে কাটিয়ে দেওয়া ব্যাটসম্যানেরও!রস টেলরকে স্বচ্ছন্দ মনে হয়নি মুহূর্তের জন্যও। তবু উইকেট ছুড়ে আসেননি। আর বিশ্বকাপে শ্রীলঙ্কাকে পেলেই জ্বলে ওঠার স্বভাব স্টাইরিসের। ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি ইনিংসই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে। কালও দাঁড়িয়ে গেলেন। দুজনের ৭৭ রানের জুটিটা যখন হুমকি হয়ে উঠতে শুরু করেছে, তখনই মিইয়ে আসা গ্যালারিকে আনন্দে ভাসানোর দায়িত্ব নিলেন টেলর। অজন্ত মেন্ডিসের শর্ট বল সোজা তুলে দিলেন মিড উইকেটের হাতে। কেন উইলিয়ামসন এসে চোখ ধাঁধানো কিছু শট খেলেছেন। ৪৩ ওভারে ৪ উইকেটে ১৯০, কিউইদের চোখ তখন ২৫০-২৬০-এর দিকে। কিন্তু রোমাঞ্চকর শট খেলার তেষ্টা কাল হলো উইলিয়ামসনের। সুযোগটা কাজে লাগিয়ে চেপে বসলেন তিন ‘এম’—মালিঙ্গা-মুরালি-মেন্ডিস। শেষ ২৫ রানে ৬ উইকেট হারিয়ে কিউইরা গুটিয়ে গেল ২১৭ রানে। শেষ ৪ উইকেট পড়েছে ৪ রানে, মাত্র ১২ বলে! ম্যাচ শেষে ভিক্টরি ল্যাপ দিল পুরো শ্রীলঙ্কা দল, সবার আগে মুরালিধরন। ভিক্টরি ল্যাপটা যে তাঁর ফেয়ারওয়েল ল্যাপও! পুরো গ্যালারি দাঁড়িয়ে, তালি দিয়ে বিদায় দিল জীবন্ত কিংবদন্তিকে। কোথায় বিদায়-বিষাদ, কিংবদন্তির মুখে তো উপচে পড়া হাসি! হাসিটা আরও চওড়া হতে পারে ২ এপ্রিল। মুম্বাইয়ের ফাইনাল আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, কিন্তু অপেক্ষা করছে যে কালকের চেয়ে বড় পুরস্কার। দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার সঙ্গে হাতছানি বিশ্বকাপে উইকেটশিকারিদের চূড়ায় ওঠা। দুটোই পেয়ে গেলে মন্দ হয় না!