ফাইনালে সাকিবের কেকেআর
কাল সকাল থেকেই কলকাতার আকাশ ঝকঝকে, সূয্যি মামার হাসিতে চকচকে রোদ সারা দিন৷ সন্ধ্যায় অবশ্য খানিক বৃষ্টি ভিজিয়ে দিল ইডেনকে৷ তবে নিজেদের দলের পারফরম্যান্সে বৃষ্টিস্নাত হাসিতেই মাঠ ছাড়ল ইডেনের গ্যালারি ভরা দর্শক৷ সাকিব আল হাসান কাল ব্যাটে-বলে জ্বলে উঠতে পারেননি৷ তবে পথ হারায়নি দল৷ দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে প্রাথমিক পর্বের শীর্ষ দল কিংস ইলেভেন পাঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ফাইনালে উঠল কলকাতা নাইট রাইডার্স৷ অথচ প্রথম ৭ ম্যাচের ৫টিতেই হেরে একসময় কলকাতা ছিল তলানিতে৷ সেই দলটিই টানা ৮ ম্যাচ জিতে সবার আগে উঠে গেল ফাইনালে৷ তিন বছরের মধ্যে কলকাতা ও সাকিবের এটি দ্বিতীয় আইপিএল ফাইনাল৷
রবিন উথাপ্পার ব্যাট যথারীতি কথা বলেছে কালও৷ জাতীয় দলে ফেরা উদ্যাপন করেছেন ৩০ বলে ৪২ রান করে৷ এই নিয়ে টানা ১০ ম্যাচে চল্লিশোর্ধ্ব রানের ইনিংসের রেকর্ড গড়লেন এই ওপেনার৷ তার পরও অবশ্য ৬৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল কলকাতা৷ পঞ্চম উইকেটে ইউসুফ পাঠানের সঙ্গে (১৮ বলে ২০) ৪১ রানের জুটি গড়েন সাকিব। দুই চারে ১৬ বলে ১৮ করে সাকিব আউট হয়েছেন লেগস্পিনার করনবীর সিংকে উড়িয়ে মারতে গিয়ে৷ শেষ দিকে ডেসকাট (১০ বলে ১৭), সূর্যকুমার (১৪ বলে ২০)ও পীযূষের (৯ বলে ১৭*) ছোট্ট তিনটি ঝোড়ো ইনিংসে কলকাতা তোলে ১৬৩৷
মাঝারি পুঁজি নিয়ে ম্যাচ জেতায় বরাবরই দুর্দান্ত কলকাতা৷ প্রমাণ করেছে কাল আরেকবার৷ নতুন বলে উমেশ যাদব ছিলেন দুর্দান্ত, ম্যাচসেরাও তিনিই (৩/১৩)৷ আরেক পেসার মরনে মরকেল (২/২৩) ও লেগস্পিনার পীযূষও (১/২৩) দারুণ বোলিং করেছেন৷ সাকিবকে দুই ছক্কায় স্বাগত জানিয়েছিলেন মনন ভোরা৷ মাঝে ২ ওভার কৃপণ বোলিংয়ের পরও শেষ ওভারেও হজম করেছেন তিন ছক্কা৷ রিশি ধাওয়ানের উইকেটটি অবশ্য পেয়েছেন৷ তবে এবার নিজের সবচেয়ে খরুচে বোলিং করলেন কালই (৪-০-৪৩-১)৷ পাঞ্জাব থমকে যায় ১৩৫ রানে৷ ফাইনাল আগামী রোববার, বেঙ্গালুরুতে৷ ওয়েবসাইট৷