ফাইনালে সেই আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডান প্রান্ত ধরে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুুকে পড়লেন ইব্রাহিম। তাঁর নিচু ক্রসে তরুণ ইমতিয়াজ সুলতানের (জিতু) নিখুঁত সংযোগ। গো...ও...ল।৪৪ মিনিটে এই দৃশ্য উন্মাতাল করে তুলল আবাহনীর সমর্থকদের। সারাক্ষণ ঢোল-বাদ্যি বাজিয়ে চলা ব্রাদার্স সমর্থকেরা নীরব-নিথর। তখনো অবশ্য আশা ছিল ব্রাদার্সের। কিন্তু ব্রাদার্স পারল না ম্যাচে ফিরতে। ২২তম ফেডারেশন কাপের ফাইনালে যাওয়ার টিকিট আবাহনীর হাতে উঠল ইমতিয়াজ সুলতানের ওই একমাত্র গোলেরই কল্যাণে।যার অর্থ, ২০০০ সালের পর আবারও মৌসুম সূচক টুর্নামেন্টের শিরোপার সুবাস পাচ্ছে আকাশি-নীলরা। মোহামেডানের পর (১০ বার) দ্বিতীয় সর্বোচ্চ ৭ বারের চ্যাম্পিয়নরা এবার নিয়ে সর্বোচ্চ ১৫ বার ফাইনাল খেলছে। টানা তৃতীয়বার। গত দুবার মোহামেডানের কাছে হার ছিল ফাইনালে। এবার মোহামেডান নেই। শেখ জামাল-মুক্তিযোদ্ধা আজকের ম্যাচের জয়ী দলকে ২৯ অক্টোবর ফাইনালে পাবে আবাহনী। ফাইনালের টিকিটের জন্য ব্রাদার্স তাকিয়ে ছিল ব্রাজিলিয়ান প্লে-মেকার এভারটনের দিকে। কিন্তু কড়া পাহারায় থাকা এভারটন সুবিধা করতে পারেননি। তা ছাড়া এভারটন এদিন বল ছাড়তে অনেক দেরি করেছেন। অতিরিক্ত ড্রিবলিং, একক প্রচেষ্টায় খেলার প্রবণতা...এভারটনকে এভারটন হয়ে উঠতে দেয়নি। ব্রাদার্সকে সেমিফাইনালে আনার অনেকটা কৃতিত্ব যাঁর, তিনিই এদিন ‘খলনায়াক’!ব্রাদার্সের আরেক অস্ত্র এনক বেনটিলও ছিলেন না সেরা ফর্মে। তবু গোল পেতে পারতেন। ব্রাদার্স গোল খাওয়ার মিনিট চারেক আগেই বেনটিলের প্লেসিং আবাহনীর পোস্টে লেগে ফিরেছে। দুর্ভাগ্য আর কাকে বলে!এভারটন-বেনটিল যুগলবন্দীই তুলেছিল সেমিফাইনালে। সেই সেমিফাইনালে এরা দুজন জ্বলে উঠতে পারলেন না বলেই ব্রাদার্স পেরোতে পারল না আবাহনী-বাধা।ব্যবধানটা গড়েছেন স্থানীয় খেলোয়াড়েরাই। আবাহনীর স্থানীয় খেলোয়াড়েরা যতটা নিজেদের উজাড় করে খেলেছেন, ব্রাদার্সের ততটা নয়। সামর্থ্যের দিক থেকেও আবাহনীর স্থানীয় খেলোয়াড়েরা ছিলেন এগিয়ে। আলী আকবর পোরমুসিলিমি আবাহনীর কোচের দায়িত্ব নিয়ে একটাই মন্ত্র ছড়িয়ে দিয়েছে দলে—রানিং, রানিং, রানিং। একসঙ্গে আক্রমণে ওঠা আবার একসঙ্গে নিচে নামা। আবাহনীর রাইট উইঙ্গার মেহেদি হাসান (উজ্জ্বল) বলছিলেন, ‘নতুন কোচ রানিংয়ের ওপর এত জোর দিচ্ছেন, অনেক সময় আমরা তাঁর নির্দেশ অনুযায়ী রানিং করতে পারছি না। তবে যতটা রানিং করতে পারছি তাতেই আমাদের খেলা অনেক গতিশীল হয়েছে। ওঠা-নামা করে খেলাই এখন আমাদের মূল শক্তি।’‘প্রতিপক্ষ বল পায়ে এগোলেই আটকে দাও, যাকে যেখানে পারো ব্লক করো’—এটি আলী আকবরের কোচিংয়ের অরেকটি সূত্র। এতে আবাহনীর খেলা বদলে গেছে অনেক। এবার দলবদলের আগে পছন্দানুযায়ী দল গড়তে না পারায় আবাহনীর অনেক আক্ষেপ ছিল। কিন্তু আস্তে আস্তে হতাশাটা কাটিয়ে ওঠার মতোই ফুটবল খেলছেন সামাদ, প্রাণতোষরা। গোলরক্ষক জিয়ার প্রশংসা না করলেও অন্যায় হবে। দারুণ আত্মবিশ্বাসী জিয়া যেন গোটা দলেরই প্রতীক হয়ে ছিলেন মাঠে।দল ফাইনালে—কোচ আলী আকবরের মুখে হাসিই থাকার কথা। ছিলও। ফাইনালেও জিতবেন কি না—প্রশ্নে একটুও সময় না নিয়ে বললেন, ‘ইয়েস স্যুর..।’ যোগ করেছেন, ‘এভারটনকে অকার্যকর করার জন্য পরিকল্পনা ছিল আমার। ব্রাদার্স ট্যাকটিক্যাল টিম নয়, তাই জিতে গেলাম। ছেলেদের খেলায় আমি খুশি।’ওয়াসিম ইকবালের অবস্থান বিপরীত মেরুতে। ‘মাঝমাঠ ম্যাচটা নিয়ন্ত্রণ করা উচিত ছিল। অসংগঠিত মাঝমাঠ দিয়ে এমন ম্যাচ তো জেতা যায় না! এভারটন প্রত্যাশা পূরণ করতে পারেনি আজ। তাই হেরে গেলাম’—ব্রাদার্স কোচের মুখে আক্ষেপ।যোগ্যতর দল হিসেবে জয়ের পর সেটা কে মনে রাখে। কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়াম থেকে আনন্দ-উল্লাস করতে করতেই বেরোল আবাহনী সমর্থকেরা। আলী আকবরের হাত ধরে ১০ বছর পর ফেডারেশন কাপ যদি এবার পাওয়া যায়! আবাহনী: জিয়া, সামাদ, সিরাজী, ইমতিয়াজ (আলফাজ), মেহেদি (চৌমিন), প্রাণতোষ, লিংকন, মামুন, আমিনু (সোহাগ) ফ্রাঙ্ক, ইব্রাহিম। ব্রাদার্স: সবুজ, ইউসুফ, সন্তোষ, আশরাফুল, নাহিদ, ফয়সাল (তরু) এভারটন, অপু, কবির, এনক (দিদার), রিচার্ড।