ফাইনালে স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপের পর ২০১২ ইউরোরও ফাইনালে উঠল স্পেন। আইবেরিয়ান প্রতিবেশী পর্তুগালকে হারিয়ে ফাইনালে উঠতে টাইব্রেকারের লটারির আশ্রয় নিতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। কাল নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলায় গোল করতে পারেনি কোনো দলই। টাইব্রেকারে স্প্যানিশরা জেতে ৪-২ গোলে। সেস ফ্যাব্রিগাসের পঞ্চম শটটি জালে জড়াতেই নিশ্চিত হয়ে যায় স্পেনের জয়। ফলে পর্তুগালের হয়ে আর পঞ্চম শটটি নিতে হয়নি ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদ তারকা সুযোগ পেয়েছিলেন নির্ধারিত সময়েই ম্যাচটি শেষ করার। ৯০ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বারের ওপর দিয়ে মারেন রোনালদো। সুযোগ পেয়েছিল স্পেনও। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের আন্দ্রেস ইনিয়েস্তার শটটি দারুণভাবে বাঁচিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও। এই নিয়ে বিশ্বকাপ ও ইউরো মিলিয়ে ছয়টি সেমিফাইনালের পাঁচটিতেই হারল পর্তুগাল। স্পেন জিতেছে তাদের খেলা পাঁচটি সেমিফাইনালেই। ইউরোতে গোল না খাওয়ার নতুন রেকর্ড করেছে স্পেন। টানা ৪১৯ মিনিট ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে জালে বল জড়াতে পারেননি কেউ। এএফপি, ওয়েবসাইট।