ফাইনালে ‘এক নম্বর’ জোকোভিচ ও নাদাল
উদ্যাপনটা হলো দেখার মতো। অনেকটা ফুটবলারদের গোল উদ্যাপনের ভঙ্গিতে বাঁধভাঙা উল্লাসে মেতে উঠলেন নোভাক জোকোভিচ। পাশে গ্যালারিতে তাঁর কোচ-ট্রেনারদের দলও গোল হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নাচল বেশ কিছুক্ষণ। সেমিফাইনাল জিতেই যদি এই উৎসব হয়, ফাইনাল জিতলে কী করবেন জোকোভিচ?কাল পুরুষ এককের প্রথম সেমিফাইনালে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে ৭-৬ (৭/৪), ৬-২, ৬-৭ (৯/১১), ৬-৩ গেমে হারিয়ে জোকোভিচের এমন উল্লাসে মাতার কারণটাও পরিষ্কার। যে টুর্নামেন্ট যেকোনো খেলোয়াড়ের কাছেই স্বপ্নের ব্যাপার, প্রথমবারের মতো সেই উইম্বলডনের ফাইনালে উঠলেন। তা ছাড়া সেমিফাইনাল জয়েই নিশ্চিত হয়ে গেল, আগামী সপ্তাহেই পুরুষ এককের র্যাঙ্কিংয়ের ১ নম্বরে উঠছেন গত মৌসুমের শেষ থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে চলা এই সার্বিয়ান।ফ্রেঞ্চ ওপেনের মতোই এখানেও ফাইনালে দেখা হচ্ছে রাফায়েল নাদালের সঙ্গে। আরও একবার ব্রিটিশদের স্বপ্নভঙ্গের যন্ত্রণায় পুড়িয়ে টানা তৃতীয় উইম্বলডন সেমিফাইনাল হেরেছেন অ্যান্ডি মারে। প্রথম সেটটি অবশ্য মারেই জিতেছিলেন (৭-৫), কিন্তু পরের তিন সেট জিতে (৬-২, ৬-২, ৬-৪) টানা দ্বিতীয় ফাইনালে উঠেছেন নাদাল। কোয়ার্টার ফাইনালে ফেদেরারকে হারিয়ে আসা সোঙ্গার সামনে সুযোগ ছিল ২০০৮ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের প্রতিশোধ নেওয়া। সোঙ্গা কিন্তু জোকোভিচের মুখোমুখি সর্বশেষ সাত ম্যাচের পাঁচটিই জিতেছিলেন। কিন্তু কাল প্রথম দুটো সেটেই হেরে যান এই ফরাসি। ৯-১১ পর্যন্ত গড়ানো টাইব্রেকে জিতে নেন তৃতীয় সেট। ফেদেরারের কাছেও প্রথম দুটো সেট হেরে ঘুরে দাঁড়িয়েছিলেন সোঙ্গা। কিন্তু এবার আর পারলেন না। শেষ সেটটা সহজেই জিতে নিয়ে উইম্বলডন ফাইনালে পা রাখলেন জোকোভিচ। এএফপি।