ফাইনালেই চোখ জার্মানদের

এক অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে জার্মানি। আজ পর্তুগালের বিপক্ষে ম্যাচটি তাদের বিশ্বকাপ ইতিহাসের শততম ম্যাচ। এখনো পর্যন্ত বিশ্বকাপে ১০০টি ম্যাচ খেলার রেকর্ড আর কারোরই নেই। অবিস্মরণীয় এই মাইলফলকের সামনে দাঁড়িয়েও জার্মান কোচ জোয়াকিম লো কেন যেন বড্ড নির্লিপ্ত! তবে যদি মনে করেন তিনি মাইলফল-টলকের চিন্তা বাদ দিয়ে বিহ্বল হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদোর দলের বিপক্ষে খেলা নিয়ে, তাহলে ভুলই করবেন, লোর চিন্তা-চেতনাজুড়ে আছে বিশ্বকাপ ফাইনাল। হ্যাঁ, মিশন শুরুর আগেই জার্মানরা ফাইনাল নিয়ে ভাবছে। ফাইনাল ও চ্যাম্পিয়নশিপ ছাড়া বিশ্বকাপে শততম ম্যাচ খেলতে নামা দলটির ভিন্ন কিছু ভাবনা আসলে ঠিক মানায়ও না।
ফাইনাল খেলতে হলে জার্মানদের সবচেয়ে আগে খুলতে হবে শক্ত এক গেরো। সেটার নাম সেমিফাইনাল। লো এ মুহূর্তে মরিয়া, যেকোনো মূল্যেই সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালে খেলা। সেমিফাইনাল যে অনেক দিন ধরেই জার্মান দুঃখগাথা হয়ে আছে।
২০০৬ ও ২০১০; শেষ দুটি বিশ্বকাপেই সেমিফাইনালে হেরে শেষ হয়েছিল জার্মানির শিরোপা জয়ের স্বপ্ন। এবার তেমন কিছু যেন না হয়, সেটা লো চান মনে-প্রাণেই। বিশ্বকাপ মিশন শুরুই করছেন ফাইনালের দিকে তাকিয়ে। শিষ্যরা যে সেই লক্ষ্যপূরণের জন্য খুব ভালো অবস্থায় আছে, সেটাও স্মরণ করিয়ে দিয়েছেন লো, ‘আমাদের দলটা ভালো। প্রতিভাবান অনেক খেলোয়াড় আছে। গত কয়েক দিনে, অনুশীলনের সময় আমি সবার প্রত্যাশা ও উত্তেজনাটা টের পেয়েছি। সবাই খুব উত্তেজিত হয়ে আছে। আমরা ফাইনালে পৌঁছতে চাই। আর আমার মনে হয়, তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়টাও আমাদের ভালোই আছে।’
গ্রুপ পর্বের প্রধান বাধা পর্তুগালের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হচ্ছে জার্মানির বিশ্বকাপ মিশন। রোনালদো-নানি-পেপে-কোয়েন্ত্রাও-মুতিনহোদের নিয়ে গড়া পর্তুগাল দলটা যেকোনো প্রতিপক্ষের জন্যই হুমকি হয়ে উঠতে পারে। সেটা মাথায় রেখেই লো বলেছেন, ‘পর্তুগাল খুবই ভালো দল। কিন্তু আমরা যদি নিজেদের খেলাটা খেলতে পারি, রক্ষণটা ভালোভাবে সামলাতে পারি, গোলের সুযোগগুলো ঠিকঠাক কাজে লাগাতে পারি তাহলে আমাদের অনেক দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে।’
ইতিহাসের দিকে তাকিয়েও হয়তো উজ্জীবিত হচ্ছে জার্মানি। এখন পর্যন্ত বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র একবারই হারের মুখ দেখতে হয়েছে জার্মানদের। ১৯৮২ সালে তারা ২-১ গোলে হেরেছিল আলজেরিয়ার বিপক্ষে। বাকি ১৬টি ম্যাচের ১২টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।