ফাইনালের আগে উইকেট-বিতর্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের উইকেট কেমন হবে—এ নিয়ে আলোচনা ও বিতর্ক যেন থামতেই চাইছে না। যেকোনো গুরুত্বপূর্ণ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে কোনো স্বাগতিক দেশ থাকলে উইকেট মাঝেমধ্যে খেলার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও যেন এর ব্যতিক্রম নয়।বিতর্কটা উসকে দিয়েছেন ওয়াসিম আকরামই। ‘লো-স্কোরিং’ সেমিফাইনালে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর দেশ পাকিস্তান ১৬ রানে হেরে যাওয়ার পর থেকেই তিনি উইকেটের সমালোচনায় মুখর। তিনি সেমিফাইনালের উইকেটকে ‘ক্রিকেট স্পিরিটের পরিপন্থী’ হিসেবেও বর্ণনা করেন।আয়োজক আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসনও সেমিফাইনালের উইকেট ‘আদর্শ ছিল না’ হিসেবে উল্লেখ করেছেন।টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট যেন দ্বিতীয় ইনিংসে চরিত্র পরিবর্তন না করে, সে ব্যাপারে নাকি আইসিসির নির্দেশনা থাকে বলে জানিয়েছেন ডেভ রিচার্ডসন। কিন্তু সেমিফাইনালে দ্বিতীয় ইনিংসে যখন পাকিস্তান ব্যাট করছিল, তখন লঙ্কান স্পিনাররা তা থেকে বাড়তি সুবিধা আদায় করেছেন—বিতর্কটা মূলত এ কারণেই। তবে এই বিতর্কের পাল্টা যুক্তিও আছে, যা ডেভিড রিচার্ডসন তাঁর ভাষ্যে উল্লেখ করেছেন। ওয়াসিম আকরামের বক্তব্য অনুযায়ী যদি সেমিফাইনালের উইকেট স্পিন-সহায়ক হয়, স্পিনাররা যদি ওই উইকেট থেকে বাড়তি সহায়তা পেয়ে থাকেন, তাহলে তো পাকিস্তানেরই সেই সুবিধা বেশি করে পাওয়ার কথা। কারণ, মানের বিচারে শ্রীলঙ্কার চেয়ে ভালো স্পিনার তো পাকিস্তানেরই আছে। অজন্তা মেন্ডিস, ধনঞ্জয়, হেরাথদের চেয়ে পিচের ফায়দা সাঈদ আজমল কিংবা মোহাম্মদ হাফিজেরই বেশি করে লুটে নেওয়ার কথা নয় কি? রিচার্ডসন ঠিক এ কথাটিই বলেছেন, একটু ঘুরিয়ে, কূটনৈতিক ভাষায়।শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনেও ওয়াসিম আকরামের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আইসিসি আয়োজিত যেকোনো প্রতিযোগিতায় উইকেট তদারকির দায়িত্ব থাকে তাদের। এখানে শ্রীলঙ্কা ক্রিকেটের কোনো ভূমিকাই ছিল না। স্পিনাররা বাড়তি সুবিধা পেয়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা ঠিক নয়। সুবিধা পেলে আমাদের চেয়ে পাকিস্তানি স্পিনারদেরই বেশি করে তা পাওয়া উচিত। কারণ, ওই দলে বিশ্বমানের তিনজন স্পিনার ছিলেন।’ মাহেলা সেমিফাইনালে ৩৬ বলে ৪২ রান করে শ্রীলঙ্কার সংগ্রহে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।এদিকে, ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি উইকেট-বিতর্কের মধ্যে ফাইনালের জন্য একটি ভালো উইকেটের প্রত্যাশা করেছেন। তাঁর আশা ফাইনালের উইকেটে দুই দলই সমান সুবিধা ভোগ করবে। ফাইনাল হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয়। টিএনএন।