ফাইনালের আগে ম্যারাডোনা
গতকাল রাতে নিশ্চিত দ্বিধায় পড়ে গিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। স্পেনকে সমর্থন দেবেন, নাকি ইতালি? একবার মনে করেছেন স্পেন জিতবে, আরেকবার মনে করেছেন ইতালি। তবে যে-ই জিতুক, আর্জেন্টাইন কিংবদন্তি একটাই প্রার্থনা করেছেন, যোগ্যতর দলের হাতেই যেন ওঠে ইউরোপ-সেরার ট্রফি।ফাইনালের আগে নিজের কলামে ম্যারাডোনা লিখেছেন, ‘মাঝমাঠের নিয়ন্ত্রণের লড়াইটায় যারা জিতবে, ম্যাচেও জয়ী হবে তারাই।’ ইতালি-স্পেন গ্রুপ পর্বের ম্যাচটির প্রসঙ্গ টেনে বলেছেন, ‘একবারই মনে হয়েছিল স্পেন দলটাও হারতে পারে, যখন ইতালিয়ানরা আত্মবিশ্বাসী আর উজ্জীবিত ছিল। কিন্তু ইনিয়েস্তা, ক্যাসিয়াস, জাবি আলোনসো, জাভি, রামোসদের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়দের গৌরববোধ আর ইতিহাসে প্রথমবারের মতো টানা তিনটি বড় টুর্নামেন্ট জেতার আকাঙ্ক্ষাকে হালকা করে দেখবেন না।’অনেকে টুর্নামেন্টের আগে দুই ফাইনালিস্ট হিসেবে জার্মানি আর স্পেনকেই দেখতে পাচ্ছিল। ইতালি অনেকের হিসাবই পাল্টে দিয়ে উঠে এসেছে চূড়ান্ত মঞ্চে। কিন্তু ম্যারাডোনা এটিকে অঘটন হিসেবে দেখেননি, ‘টুর্নামেন্টে যে দুটি দল সবচেয়ে ভালো খেলেছে, তারাই ফাইনালে উঠে এসেছে। আশা করি, সেরা দলটাই জিতবে।’তিনি ফুটবলার হিসেবে ছিলেন খ্যাপা স্বভাবের। শৃঙ্খলার শেকলে বাঁধা যায়নি তাঁকে। প্রতিভাবানরা যে একটু খাপছাড়া হয়, সেটা ম্যারাডোনা ভালো করেই জানেন। ‘ব্যাড বয়’ মারিও বালোতেল্লির প্রশংসায়ও তাই পঞ্চমুখ ম্যারাডোনা, ‘জার্মানির বিপক্ষে মারিও বালোতেল্লির মধ্যে বিশ্বতারকা স্ট্রাইকারের আবির্ভাব ঘটেছে। কেউই তার সামর্থ্য নিয়ে সন্দিহান নয়, কিন্তু অনেকেই তার পরিণতিবোধ নিয়ে সমালোচনা করেছে। জার্মানির বিপক্ষে সুপার মারিও দেখিয়ে দিয়েছে বিশ্বমঞ্চেও তার আবির্ভাব হলো। অবশেষে ইতালি সত্যিকারের এক স্ট্রাইকার খুঁজে পেল। একজন গোল স্কোরার কী ব্যবধান গড়ে দিতে পারে, সেটিও বোঝা গেল।’ ওয়েবসাইট।