ফাইনালের আশা জাগাল বাংলাদেশ
জিম্বাবুয়ে সফরের শুরুটা মোটেই ভালোমতো করতে পারেনি বাংলাদেশ। দুটি প্রস্তুতি ম্যাচের পর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেও হারের মুখ দেখেছিল মুশফিক বাহিনী। তবে আজ জিম্বাবুয়ের বিপক্ষে ছয় উইকেটের দুর্দান্ত জয়টা দিয়ে আবার লড়াইয়ে ফিরেছে টাইগাররা। জাগিয়ে তুলেছে ফাইনালে যাওয়ার আশাও।আজ জয়ের জন্য বাংলাদেশকে ১৫০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল জিম্বাবুয়ে। জবাবে চমত্কার দলীয় ব্যাটিংয়ের সুবাদে দুই ওভার তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। আর এই জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার জোর আশাও জাগিয়েছেন মুশফিক-তামিম-মাশরাফিরা। তবে তার জন্য আগামীকাল শক্তিশালী প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হারানোর কোন বিকল্প নেই টাইগারদের সামনে।এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে ও বাংলাদেশ। আর ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে স্বাগতিকরা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ঝুলিতে জমা হয়েছে ৪ পয়েন্ট। তবে একটি ম্যাচ কম খেলেছে প্রোটিয়ারা। এখন আগামীকাল নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে ফাইনালের পথে নিজেদের বেশ এগিয়েই রাখতে পারবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার শেষ ম্যাচে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে। সে ক্ষেত্রে ওই ম্যাচে জিততে হবে জিম্বাবুয়েকে।ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে কিছুটা চাপের মুখেই পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে আজ তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ উইকেটের দুর্দান্ত জয় দিয়ে বেশ ভালোভাবেই লড়াইয়ে ফিরেছে মুশফিক বাহিনী। জিম্বাবুয়ের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ৩১ বলে ৪১ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন নাসির হোসেন।প্রথম দুই ওভারের মধ্যেই চারটি চার মেরে বেশ ভালোভাবেই শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় ওভারে জারভিসকে এক ওভারেই তিনটি চার মেরেছিলেন তিনি। কিন্তু তার পরের ওভারেই ১৯ রান করে সাজঘরে ফিরেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এক ওভার পরে দুর্ভাগ্যবশত রানআউটের শিকার হয়ে বিদায় নিয়েছে বাংলাদেশের অন্যতম ভরসার প্রতীক তামিম ইকবাল। দুই ওভার পরে ফিরে যান আনামুল হকও। চতুর্থ উইকেটে ৪৭ রানের জুটি গড়ে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম ও নাসির হোসেন। কিন্তু ১৪তম ওভারে রানআউটের ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক। তার আগে তিনি করেছিলেন ৩১ রান। তবে এরপর জিম্বাবুয়ে বোলারদের শুধু হতাশাতেই ডুবিয়েছেন মাহমুদুল্লাহ ও নাসির। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন এই দুই ব্যাটসম্যান।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে হ্যামিল্টন মাসাকাদজার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে জয়ের জন্য বাংলাদেশকে ১৫০ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় স্বাগতিকরা। চতুর্থ ওভারেই ভুসি সিবান্দার উইকেট হারায় জিম্বাবুয়ে। ১২ রান করে রান আউটের ফাঁদে পড়ে ফিরেছেন সিবান্দা। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়ে বাংলাদেশের জন্য বেশ বিপদজনক হয়ে উঠছিলেন আরেক ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলর। কিন্তু নবম ওভারে এই জুটি ভাঙ্গেন জিয়াউর রহমান। প্রথম ওভার বল করতে এসে ১৮ রান দিলেও তিনি তুলে নিয়েছেন ২৭ রান করা টেলরের উইকেটটি। পরের ওভারে ক্রেইগ অরভিনকেও সাজঘরে ফেরান মাহমুদুল্লাহ। চতুর্থ উইকেটে আবার ৫১ রানের চমত্কার এক জুটি গড়েছিলেন মাসাকাদজা ও মাতসেকেনেরি। তবে ১৬তম ওভারের প্রথম বলেই মাতসেকেনেরিকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান ইলিয়াস সানি। ২৩ বলে ২৭ রান করে ফিরে যান মাতসেকেনেরি। পরের ওভারে ৫৬ রান করা মাসাকাদজাকেও আউট করেন মাশরাফি। ৫৪ বলে ৫৬ রান করেছেন মাসাকাদজা। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নিয়েছেন মাশরাফি বিন মোর্তজা।