ফাইনালের জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে প্রথম বিশ্ব শিরোপা জেতানোর পথে যে জুটিটি গড়েছেন ক্রেইগ কিসওয়েটার ও কেভিন পিটারসেন, এটিও টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড বইয়ে একটি ‘প্রথম’। দ্বিতীয় উইকেটে দুজনের ১১১ রানের জুটিটি বিশ্বকাপের তিন ফাইনালে প্রথম শতরানের জুটি। আগের দুই ফাইনাল মিলে পঞ্চাশের জুটিই ছিল মোটে তিনটি। এর আগের সবচেয়ে বড় জুটিটিও ছিল ম্যাচ উইনিং জুটি। লর্ডসে গত বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৯ রান তাড়া করে ৬৩ রানে দুই উইকেট হারিয়েছিল পাকিস্তান। এর পর ৭৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি। ওই ফাইনালেই ৭০ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা ১৩৮ রান করতে পেরেছিল কুমার সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ৬৮ রানের জুটিতে। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের ইনিংসে কোনো ফিফটি জুটি ছিল না, ভারতের ইনিংসে ছিল একটিই, যুবরাজ সিং-গৌতম গম্ভীরের ৬৩।