ফাইনালের টিকিট লটারিতে
টিকিট চাই, টিকিট। কিন্তু বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের টিকিট কোথায়? টিকিট নিয়ে কদিন আগেই বেঙ্গালুরুতে ঘটল লঙ্কাকাণ্ড। সেটি মনে রেখে টিকিট বিক্রির পদ্ধতিতে একটু ভিন্নতা আনল আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের টিকিট পেতে এবার আর লম্বা লাইন দিতে হবে না। http://cwc2011ballot. kyazoonga.com এই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে হবে। তবে এতেই টিকিট পাওয়ার নিশ্চয়তা নেই। আবেদনের জন্য ব্যালট পেপার পাওয়ার পর তা পরে কম্পিউটারের মাধ্যমে লটারিতে নির্বাচন করা হবে।২১ ফেব্রুয়ারি থেকে ওয়েবসাইটে ফাইনালে টিকিট বিক্রির ঘোষণা দিয়ে বিপদেই পড়ে গিয়েছিল টিকিট বিক্রির প্রতিষ্ঠান কায়াজুঙ্গা। তাদের ওয়েবসাইটে মাত্র ২০ মিনিটেই কোটি কোটি লোক ঢুকে আবেদন করায় ওয়েবসাইট অকেজো হয়ে পড়ে।টিকিটের আবেদনের জন্য অবশ্য শর্ত জুড়ে দিয়েছে আইসিসি— একজন মাত্র দুটি টিকিটের বেশি আবেদন করতে পারবেন না। প্রার্থীকে ওয়েবসাইটে একটি ব্যালট পেপারের নম্বর দেওয়া হবে। এই নম্বরই পরে কম্পিউটারের মাধ্যমে ড্র করা হবে আগামী ১০ মার্চ। যাঁরা টিকিট পাবেন, তাঁদের নম্বর পরদিন জানিয়ে দেওয়া হবে ওই ওয়েবসাইটেই। এরপর ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পরিশোধের পরই হাতে পাওয়া যাবে এই টিকিট। টিকিট বিক্রির এই পদ্ধতিতে খুশি আইসিসি। ওয়েবসাইট।