ফাইনালের টুকরো টুকরো ছবি

স্রেফ একটি গোলের ম্যাচ, সেটিও এসেছে অতিরিক্ত সময়ের শেষভাগে। তার পরও কত রোমাঞ্চকরই না ছিল এবারের ফাইনাল! উত্তেজনা, পারা না-পারা, সাফল্য-ব্যর্থতা, চাওয়া-পাওয়ার হিসাব মেলা না-মেলার কত আখ্যানের জন্ম দিয়েছে এই ম্যাচ!
ক্র্যামার-চমক
বেন্ডার-গুন্ডাগোনরা চোট না পেলে তাঁর বিশ্বকাপ স্কোয়াডেই জায়গা হয় না। ফাইনালের আগে দুই ম্যাচে বদলি নেমে খেলেছেন মিনিট পনেরো। সেই ক্রিস্টফ ক্র্যামার ফাইনালের জার্মানি একাদশে! এখানেও আছে সতীর্থের চোটের ভূমিকা। স্যামি খেদিরার চোটে শেষ মুহূর্তে জোয়াকিম লো বেছে নেন ক্র্যামারকে। সেই ক্র্যামার, যিনি জার্মান কোচের ৩০ জনের প্রাথমিক দলেও ছিলেন না। বিশ্বকাপের মাস খানেক আগে মাত্র অভিষেক, দুটি প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়ে চূড়ান্ত দলে রেখেছিলেন লো। ক্র্যামারের বিস্ময়-আনন্দ অবশ্য দ্রুতই মিলিয়ে গেছে বিষাদে। এজেকিয়েল গ্যারাইয়ের সঙ্গে বলের লড়াইয়ে মুখ ও মাথায় চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে ৩১ মিনিটেই।

ভুল উদ্যাপন
সহজতম ওই গোলের সুযোগ হাতছাড়া করার রেশ থাকতে থাকতেই গোলের আনন্দে মেতেছিলেন গঞ্জালো হিগুয়েইন। ৩০ মিনিটে লাভেজ্জির পাসে বক্সের ভেতর থেকে বল পাঠিয়েছিলেন জালে। গোল করে খ্যাপাটে দৌড়ে যখন ছুটে আসছেন সতীর্থদের দিকে, বুঝতে পারলেন উদ্যাপনে শামিল হচ্ছে না অন্যরা। লাইন্সম্যান যে পতাকা তুলে দাঁড়িয়ে আছেন আগেই, অফসাইড! যেটায় হতে পারত উপশম, সেটাই আরও তীব্র করল যন্ত্রণা।
পেলের পর ক্লোসা

২৪ বছর বয়সে খেলতে গিয়েছিলেন প্রথম বিশ্বকাপ। ফাইনাল খেলার স্বাদও পেয়েছিলেন সেবার। এক যুগ পর এবার আবার বিশ্বকাপ ফাইনাল খেললেন মিরোস্লোভ ক্লোসা। ১২ বছরের ব্যবধানে দুটি বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি ছিল এত দিন কেবল কিংবদন্তি পেলের, ১৯৫৮ ও ১৯৭০ সালে। পুঙ্খানুপুঙ্খ হিসাবে অবশ্য পেলেকেও ছাড়িয়ে গেছেন ক্লোসা। জার্মান স্ট্রাইকারের দুই ফাইনালের মাঝে পেরিয়ে গেছে ৪৩৯৬ দিন, পেলের চেয়ে এটা ২১ দিন বেশি!
ক্রুশে ক্রুস
টুর্নামেন্টে তিনি দলের সবচেয়ে ধারাবাহিক ফুটবলার। সম্ভবত সবচেয়ে সেরাও। কিন্তু আরেকটু হলে ফাইনালের শুরুর দিকেই ‘ক্রুশবিদ্ধ’ হতে চলেছিলেন টনি ক্রুস। ২২ মিনিটে নিরীহ একটি বল হেডে ব্যাকপাস করতে গিয়ে তুলে দিয়েছিলেন গঞ্জালো হিগুয়েইনকে। জার্মান দলের হৃৎস্পন্দন ক্রুস, ক্ষণিকের জন্য তাঁর হৃৎস্পন্দনই বন্ধ হয়ে গিয়েছিল। ক্রুস ও জার্মানিকে স্বস্তি দিয়ে বল বাইরে মারেন হিগুয়েইন।
অভিবাদন
মূল ৯০ মিনিটের খেলা তখন শেষ বাঁশির অপেক্ষায়। সহকারী রেফারির ইলেকট্রিক বোর্ড জানিয়ে দিল ক্লোসার বিশ্বকাপ অভিযান শেষের ঘোষণা। শুরু হয়েছিল এক যুগ আগে জাপানের সাপ্পোরোতে বিশ্বকাপ অভিষেকেই হ্যাটট্রিক করে। এরপর নিজ দেশের বিশ্বকাপ, আফ্রিকার প্রথম বিশ্বকাপ হয়ে এবার মারাকানায় শেষ হলো গৌরবময় ও বর্ণাঢ্য সেই অভিযান। পথচলায় ধরা দিয়েছে বিশ্বকাপের গোল্ডেন বুট, টানা তিন বিশ্বকাপে কমপক্ষে চার গোল, চার বিশ্বকাপে গোল, বিশ্বকাপ ইতিহাসে উঠে গেছেন গোলের চূড়ায়। বিদায় বিদায় সমর্থক-প্রতিপক্ষ নির্নিমেষ উঠে দাঁড়াল গোটা মারকানা। ছুটে এসে অভিনন্দন জানালেন রেফারিও!
প্যালাসিও আবার!
হেডে গোল করার সহজতম এক সুযোগ হাতছাড়া করেছিলেন হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে। এবার বিশ্বকাপের সবচেয়ে দৃষ্টিকটু মিসের খেতাবে সেটিকে জোর প্রতিদ্বন্দ্বিতায় দাঁড় করালেন রদ্রিগো প্যালাসিও নিজেই। আরেকটু বাজে মিস ফাইনালের অতিরিক্ত সময়ে। মার্কোস রোহোর ক্রসে ম্যাচে একমাত্র ভুলটি করেছিলেন ম্যাটস হামেলস, ফ্লাইট না বুঝে পরাস্ত হন বাতাসে। ম্যানুয়েল নয়্যার গোললাইন থেকে ছুটে আসতে আসতেই বল ধরে ফেলেন প্যালাসিও। কিন্তু তাড়াহুড়া করে নয়্যারের ওপর দিয়ে বল পাঠিয়ে দিলেন বাইরে।
গার্ড অব অনার
ম্যাচ শেষে উৎসবের ফাঁকেই মেসিকে সমবেদনা জানিয়েছেন শোয়েনস্টাইগার। পিঠ চাপড়ে দিয়েছেন আরও কয়েকজন। শিষ্টাচার, শ্রদ্ধা ও সম্মানের দারুণ এক উদাহরণ দেখাল জার্মানরা খানিক পর। রানার্সআপের মেডেল নিতে যখন এগিয়ে যাচ্ছিল আর্জেন্টাইনরা, দুপাশে লাইন করে দাঁড়িয়ে, হাতে তালি দিয়ে পরাজিত প্রতিপক্ষকে গার্ড অব অনার দিল জয়ী জার্মানরা!
সান্ত্বনা নয়
গোল্ডেন বল যে তাঁর সামান্য সান্ত্বনা হতে পারেনি, সেটা বুঝতে বিন্দুমাত্র সমস্যা হয়নি। ট্রফিটা নিতে যাওয়া বা ছবির জন্য পোজ দেওয়া, সবই যেন নিতান্ত অনিচ্ছায়। নিয়মের খাতিরে রানার্সআপের মেডেল নিতেও যেতে হয়েছে। তবে সোনালি পদকের স্বপ্নে বিভোর যিনি, রুপালি পদকের আভা কী তাঁর মন রাঙাতে পারে! সিঁড়ি দিয়ে নামার সময়ই গলা থেকে পদক খুলে ফেললেন লিওনেল মেসি।
বিয়েরহফের অন্য স্বাদ
পরশুর আগে জার্মানির সর্বশেষ বড় সাফল্যের নায়ক তিনি। ১৯৯৬ ইউরোর ফাইনালে তাঁর জোড়া গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়েছিল জার্মানি। জয়সূচক গোলটি আন্তর্জাতিক ফুটবলের প্রথম গোল্ডেন গোল। সেই অলিভার বিয়েরহফ এবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন ম্যানেজার হিসেবে। এই ম্যানেজার মানে অবশ্যই কোচ নয়, বিয়েরহফের কাজ ব্যবস্থাপনা আর গণসংযোগসম্পর্কিত। তা হোক, তবু তো দলের অংশ। সুযোগ পেলেন বিশ্বকাপ ট্রফিতে চুমু এঁকে দেওয়ার!

ওহ, মেসি!
প্রস্তুত মঞ্চ সাজিয়ে দিল প্রেক্ষাপটও। সময় যেন তখন থমকে দাঁড়াল আক্ষরিক অর্থেই। দল পিছিয়ে ১-০-তে, শেষ বাঁশির জন্য কেবল কয়েক মুহূর্তের অপেক্ষা। বক্সের একটু বাইরে থেকে লিওনেল মেসির ফ্রি কিক। গোল করতে পারলেই রূপকথা। গ্রুপপর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে অসাধারণ এক ফ্রি কিকে গোল করেছিলেন এর কাছাকাছি জায়গা থেকেই। কিন্তু বাস্তব তো আর রূপকথা নয়! আর্জেন্টিনার স্বপ্নকে সঙ্গী করে মেসির ফ্রি কিক উড়ে গেল মারাকানার গ্যালারিতে।
রক্তাক্ত ইঞ্জিন

জোয়াকিম লো তাঁকে বলেন দলের ‘পেসমেকার’। ভক্তদের কাছে অনেক দিন ধরেই জার্মান দলের ‘ইঞ্জিন’। শোয়েনস্টাইগার-ইঞ্জিন পরশুও সচল ছিল দারুণভাবে। যদিও থেমে যাওয়ার মতো জোর আঘাত এসেছিল। অতিরিক্ত সময়ে আগুয়েরোর সঙ্গে বল দখলের লড়াইয়ে আঘাত পেয়ে রক্তাক্ত হলো শোয়েনস্টাইগারের মুখ। তবে আজন্ম গ্লাডিয়েটর তিনি, দমে গেলেন না মোটেও। বাইরে এসে মুখে সেলাই লাগিয়ে তৎক্ষণাৎ মাঠে! যথারীতি দুর্দান্ত পারফরম্যান্স। দলকে জেতানো গোলে আনুষ্ঠানিক ম্যান অব দ্য ম্যাচ মারিও গোটশে, কিন্তু গোটা ম্যাচের পারফরম্যান্সে ম্যাচের সেরা নিঃসন্দেহে শোয়েনস্টাইগারই।