ফাইনালের দিনই ভাসের শেষ!
ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার কথা আরও আগেই ভেবেছেন। তবে ঠিক কোন সময়টা বেছে নেবেন, সেটা বুঝে উঠতে পারছিলেন না চামিন্ডা ভাস। সময়টা পেয়ে গেছেন ১৯৯৬ বিশ্বকাপের শ্রীলঙ্কা দলের সদস্য। মুম্বাইয়ের ফাইনাল—এর চেয়ে সেরা সময় আর কী হতে পারে! ভাস বলেছেন, ‘আমার কাছে মনে হয়েছে, বিদায় বলার এটাই ভালো উপলক্ষ। আর নিজেকে প্রমাণ করারও কিছু নেই।’ শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ভাস আশা করেছিলেন এবারের বিশ্বকাপেও খেলবেন। টেস্ট ক্রিকেটকে আগেই বিদায় জানালেও তাই খেলে গেছেন ওয়ানডেতে। কিন্তু ’৯৬-এ তাঁরই সতীর্থ অরবিন্দ ডি সিলভার নির্বাচক কমিটি ভাসকে বিবেচনা করেনি। এতে হতাশ টেস্টে ৪০০ ও ওয়ানডেতে ৩৫৫ উইকেট পাওয়া ভাস। অবসরের সিদ্ধান্ত বিশ্বকাপ আশা শেষ হয়ে যাওয়ার পরই নিয়ে ফেলেছিলেন।দলে নেই, তবে শ্রীলঙ্কা ফাইনালে উঠেছে এতেই খুশি ভাস। সেদিন অবসরের ঘোষণা দেবেন। হতাশা-টতাশা এখন আর নেই। বিদায়বেলায় শ্রীলঙ্কার জয় দেখতে চান তিনি, ‘জীবন ঠিক চলে যায়। সত্যি বলতে কি, এখন হতাশা কাটিয়ে উঠেছি। এই দলটিকে নিয়ে আমি খুশি। জীবনে আপনার চাওয়া মতো সবকিছু হয় না!’ ওয়েবসাইট।