ফাইনালের নায়ক গোটশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঁ পাশ থেকে আন্দ্রে শুরলের ক্রস। আর্জেন্টিনার ছয় গজের বাক্সের ভেতর মারিও গোটশে। বুক দিয়ে বলটা নামালেন। না, মাটিতে পড়ল না বলটা। তার আগেই বাঁ পায়ে আবার শট গোটশের।
ম্যাচে এর আগে অসাধারণ কতগুলো সেভ করেছিলেন সার্জিও রোমেরো। কিন্তু গোটশের সেই শট ঠেকাতে হলে তাঁকে সুপারম্যান হতে হতো। আর্জেন্টাইন গোলরক্ষক প্রমাণ করলেন, দিন শেষে তিনিও সাধারণ মানুষই। বল গেল আর্জেন্টিনার জালে।
অভিনন্দন জানাতে দৌড়ে এলেন মুলার-হামেলস-ক্রুসরা। গোটশে তখন হাওয়ায় উড়ছেন!
ম্যাচের তখন ১১৩ মিনিট। মারাকানার গ্যালারির একটা অংশ নীল সমুদ্র বানিয়ে ফেলা আর্জেন্টাইন সমর্থকেরা হঠাৎ স্তব্ধ হয়ে গেলেন। উল্লাসে ফেটে পড়লেন জার্মান সমর্থকেরা। নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়েও গোল হচ্ছে না, দেখে মনে হচ্ছিল ম্যাচ টাইব্রেকারে গড়াবে। কিন্তু ফুটবল-বিধাতা যে ম্যাচের চিত্রনাট্য গোটশেকে নায়ক বানিয়ে লিখে রেখেছেন, তা কে জানত!
অথচ এই ম্যাচটাতে একাদশেই ছিলেন না তিনি! নেমেছিলেন ৮৮ মিনিটে মিরোস্লাভ ক্লোসার বদলি হিসেবে।
এ বিশ্বকাপে এটা তাঁর দ্বিতীয় গোল। গ্রুপপর্বে ঘানার বিপক্ষে ম্যাচেও জার্মানির হয়ে প্রথম গোলটা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ম্যাচটা ২-২ গোলে ড্র করেছিল জার্মানি। এখন অবশ্য আর সে জন্য আফসোস করতে হবে না মোটেও।
কাল মারাকানায় ম্যাচের একমাত্র গোলটি যে তাঁকে জায়গা করে দিয়েছে ইতিহাসের পাতায়!