ফাইনালের পথে এগিয়ে রইল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগের সেমির লড়াইয়ে বায়ার্ন-রিয়াল ম্যাচের একটি দৃশ্য। বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে কাটিয়ে এদিন ফিরেছেন রোনালদো ছবি: রয়টার্স
চ্যাম্পিয়নস লিগের সেমির লড়াইয়ে বায়ার্ন-রিয়াল ম্যাচের একটি দৃশ্য। বেশ কয়েক ম্যাচ মাঠের বাইরে কাটিয়ে এদিন ফিরেছেন রোনালদো ছবি: রয়টার্স

‘লা ডেসিমা’র পথে গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের সেমির প্রথম পর্বে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে জিতে অধরা ফাইনালে এক পা দিয়েই রাখল ‘লস ব্লাঙ্কোস’রা। খেলার ১৯ মিনিটে করিম বেনজেমার গোলই শেষ অবধি বার্নাব্যুর এই ম্যাচের গতি-প্রকৃতি ঠিক করে দিয়েছে।

হ্যাঁ, ওই গোলটিই আসলে আজকের ম্যাচের ফল-নির্ধারণী বিবেচিত হয়েছে। খেলার প্রথম ১৫ মিনিট রিয়ালের ওপর চাপ সৃষ্টি করা বায়ার্ন ১৯ মিনিটে খেলার ধারার বিপরীতে গোল খেয়েই আসলে চাপে পড়ে গিয়েছিল। যে চাপ থেকে শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারেনি তারা।

ডাগ আউটের সামনে দাঁড়ানো বায়ার্ন কোচ পেপ গার্দিওলার হতাশামাখা মুখখানিই আসলে বলে দিয়েছে সবকিছু। বল পজেশনে পুরো এগিয়ে থেকেও গোলের সুযোগ সৃষ্টি করতে না পারার খেসারত বায়ার্ন দিয়েছে বেশ ভালোভাবেই। পুরো খেলায় রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে হাতে গোনা কয়েকবার। ফ্রাঙ্ক রিবেরির নিষ্প্রভতা আর আরিয়েন রোবেনের এলোমেলো ফুটবল জার্মান জায়ান্টদের ভুগিয়েছে ম্যাচের পুরোটা সময়। গোলের সুযোগ সৃষ্টি করতে না পারলে এ ধরনের ম্যাচে আর যা-ই হোক জিতে বেরিয়ে আসা যায় না।

রিয়ালের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে সংশয় ছিল। কিন্তু এই ম্যাচে তাঁকে আর না নামিয়ে পারেননি কার্লো আনচেলত্তি। তবে রোনালদো যে শতভাগ ফিট ছিলেন না, সেটা তাঁর খেলা দেখেই বোঝা গেছে; যদিও বেনজেমার গোলটির পেছনে রোনালদোর রয়েছে বিরাট ভূমিকা।

আগেই বলা হয়েছে, খেলায় বেশির ভাগ সময়ই বল ছিল বায়ার্নের ফুটবলারদের পায়ে। কিন্তু গোলের সুযোগ সৃষ্টির হিসাবটা নিলে সেখানে কিন্তু এগিয়ে থাকবে রিয়ালই। রোনালদো নিজেই দায়ী থাকবেন অন্তত দুটো গোল অতিরিক্ত না হওয়ার জন্য। এক গোলে এগিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কোয়েন্ত্রাওয়ের ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন রোনালদো। কিন্তু তাঁর পা ছুঁইয়ে দেওয়া বল চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। এর ঠিক চার মিনিট পরেই দারুণ এক জায়গায় বল পেয়েও তা থেকে গোল করতে পারেননি রিয়ালের আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া।

করিম বেনজেমার গোলটি এসেছে খেলার ধারার বিপরীতেই। ওই সময় বায়ার্নের খেলোয়াড়েরা তেড়ে-ফুঁড়ে চেপে

ধরেছিল রিয়ালকে। কিন্তু একটি পরিকল্পিত প্রতি-আক্রমণ থেকে রোনালদো দারুণ থ্রু ঠেলেন কোয়েন্ত্রাওয়ের দিকে। কোয়েন্ত্রাও ওই বল নিয়ে বক্সের মধ্যে ক্রস ফেললে বেনজেমা এমন এক জায়গায় বলটি পান, যেখান থেকে গোল করতে না পারাটাই হতে পারত পৃথিবীর কঠিনতম কাজগুলোর একটি।

খেলার ধারার বিপক্ষে গোল খেয়ে হতোদ্যম বায়ার্ন ফুটবলাররা শুরুর গতি হারিয়ে ফেলেন। এই সময় রিয়াল একটু একটু করে প্রভাব বিস্তার করতে থাকে জার্মান জায়ান্টদের ওপর। এ সময় প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগাতে না পারাটা বরং রিয়ালের ব্যর্থতাই বলা চলে।

দ্বিতীয়ার্ধেও বল পজেশনে এগিয়ে ছিল বায়ার্ন। তবে রিয়ালের ডি-বক্সের বাইরেই ছিল তাদের বেশির ভাগ আনাগোনা। বদলি খেলোয়াড় মারিও গোটশে অবশ্য তাঁর দলকে সমতায় ফেরাতে পারতেন। বক্সের মধ্যে পেয়ে যাওয়া বলে গোটশে শট নিলেও তা ফাঁকি দিতে পারেনি ক্যাসিয়াসের বিশ্বস্ত চোখকে।

পুরো ম্যাচেই রিয়াল সচেতন ছিল তাদের রক্ষণভাগ নিয়ে। কোচ আনচেলত্তির অ্যাসাইনমেন্টে আজ পুরোপুরিই সফল রামোস-পেপে-কারভাজালরা। মধ্যমাঠে ক্রোট লুকা মদরিচ ছিলেন এককথায় অনবদ্য।

দ্বিতীয়ার্ধে রোনালদোকে তুলে নেন কোচ। তাঁর বদলে মাঠে নামেন সদ্যই জ্বর থেকে ওঠা গ্যারেথ বেল। মাঠে নেমে বাকিটা সময় মোটামুটি ভালোই খেলেছেন এই ফরোয়ার্ড। কয়েকবার তো বায়ার্নের রক্ষণকে করে তুলেছিলেন ব্যতিব্যস্ত।

ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগ জিতে ১২ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে যাওয়ার পথে নিজেদের মাঠের সুবিধাটা নিয়ে রাখল রিয়াল। এর আগে ইউরোপ-সেরা হওয়ার এই লড়াইয়ে নয়বার শ্রেষ্ঠত্বের সন্ধান পেলেও দশমবারের সাফল্যটা যেন তাদের কাছে সোনার হরিণ। সেই অধরা সোনার হরিণকে হাতের মুঠোয় নিয়ে আসার প্রচেষ্টায় বার্নাব্যু-অধ্যায়টা তাদের মানসিকভাবে এগিয়ে দিল অনেকটাই। রয়টার্স।