ফাইনালের পর যত রেকর্ড
২০০৮ সালের ইউরো জয়। এর পর ২০১০ সালের বিশ্বকাপ। গতকাল রাতে ইতালিকে ৪-০ গোলে উড়িয়ে ইউরোপের শ্রেষ্ঠত্বটা অক্ষুণ্ন রাখল স্পেন। এ দিন নতুন করে লেখা হয়েছে কিছু রেকর্ডও। প্রিয় পাঠক, চলুন সেই রেকর্ডগুলোর দিকে একটু দৃষ্টি ফেরানো যাক।* ইউরো-বিশ্বকাপ-ইউরো। প্রথমবারের মতো শিরোপাত্রয়ী জয়ের রেকর্ড গড়েছে স্পেন।* এত দিন সর্বোচ্চ তিনটি ইউরো শিরোপা জয়ের রেকর্ড ছিল জার্মানির। গতকাল ইতালিকে হারিয়ে সেই রেকর্ডে ভাগ বসাল স্পেন।* ইতালির বিপক্ষে স্পেনের ৪-০ গোলের জয় ইউরো বা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয়।* ইউরোর ফাইনালের প্রথমার্ধে এ নিয়ে তৃতীয়বারের মতো দুটি গোল হওয়ার ঘটনা ঘটেছে। * ফুটবল ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেছেন ভিসেন্তে দেল বস্ক। এর আগে পশ্চিম জার্মানির হয়ে ১৯৭২ সালে ইউরো এবং এর দুই বছর পর বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন হেলমুট স্কোয়েন।* সর্বশেষ আটটি বড় প্রতিযোগিতায় প্রথমবারের মতো ইতালিকে সরাসরি হারাল স্পেন। ২০০৮ সালের ইউরোর কোয়ার্টার ফাইনালে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জয় পায় স্পেন।* প্রথম খেলোয়াড় হিসেবে দুটি ইউরোর ফাইনালে গোল করা ও গোল্ডেন বুট পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন স্পেনের স্ট্রাইকার ফার্নান্দো তোরেস।* ইউরোয় টানা ১৫টি ম্যাচে অপরাজিত স্পেন। গত পাঁচ ম্যাচে কোনো গোল হজম করেনি দলটি। দুটিই ইউরোর রেকর্ড। * শততম ম্যাচে জয় পাওয়া একমাত্র খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন স্পেনের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস।* ইউরো বা বিশ্বকাপে ইতালির হয়ে তৃতীয় সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড় এখন গোলরক্ষক জিয়ানলইজি বুফন (২৫)। স্পেনের বিপক্ষে গতকাল খেলার মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন ১৯৮২ বিশ্বকাপজয়ী অধিনায়ক দিনো জফকে। ইতালির হয়ে বুফনের চেয়ে বেশিসংখ্যক ম্যাচে অংশ নিয়েছেন পাওলো মালদিনি (৩৬) ও ফ্যাবিও ক্যানাবারো (২৬)। রয়টার্স।