ফাইনালের বাঁশিওয়ালা

পিয়েরলুইজি কলিনার কথা মনে আছে? ন্যাড়া মাথার এই রেফারি ২০০২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেছিলেন। কলিনার পর এবার ফাইনালে থাকছেন আরেকজন ইতালিয়ান রেফারি। ৪২ বছর বয়সী নিকোলাই রিজ্জোলি আজ জার্মানি-আর্জেন্টিনার ম্যাচের রেফারি।
বড় খেলা পরিচালনা করার অভিজ্ঞতা আগেও ছিল তাঁর। গত বছর বায়ার্ন-ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারি ছিলেন। সেই সূত্রে জার্মানদের দেখেছেন খুব কাছ থেকে। বিশ্বকাপেও কয়েকটা ম্যাচে রেফারি ছিলেন। হল্যান্ডের স্পেনকে উড়িয়ে দেওয়ার ম্যাচে বাঁশি ছিল তাঁর হাতে। আর্জেন্টিনা-নাইজেরিয়া গ্রুপপর্বের ম্যাচেও রেফারি ছিলেন। ছিলেন বেলজিয়াম-আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালেও। সেই ম্যাচের পর বেলজিয়াম কোচ মার্ক উইলমটস অভিযোগ করেছিলেন, রেফারি মেসিকে ইচ্ছে করে সুরক্ষা দিয়েছেন। ফিফা সেই অভিযোগের সত্যতা পায়নি, নইলে আজ জার্মানির বিপক্ষে তাঁকে রেফারির দায়িত্ব নিশ্চয়ই দিত না? ফিফাডটকম।