ফাইনালের ভেন্যুতে প্রথম ম্যাচ
ঢাকা থেকে চট্টগ্রাম, ঢেউ তুলে গেছে বিশ্বকাপ। ঢেউ তুলেছে চেন্নাই, আহমেদাবাদ, নাগপুর, দিল্লি, মোহালি, পাল্লেকেলে, কলম্বো আর হাম্বানটোটায়। কিন্তু যেখানে হবে ফাইনাল, সেই মুম্বাইয়ে এখনো হয়নি কোনো খেলা। শচীন টেন্ডুলকার-সুনীল গাভাস্কারের শহরে বিশ্বকাপের ঢেউ উঠবে আজ। এদিন মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-কানাডা।মুম্বাইয়ে প্রথম ম্যাচ, কিন্তু এ নিয়ে বিশেষ রোমাঞ্চ নেই সেখানকার মানুষের। ম্যাচটি নিউজিল্যান্ডের সঙ্গে টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল কানাডার বলেই হয়তো। গতকাল স্থানীয় স্কুলছাত্রদের দেখা গেছে গলায় পরিচয়পত্র ঝুলিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘোরাঘুরি করতে। ছাত্রদের জন্য ফ্রি পাস নিতে গেছে তারা।মুম্বাইকরদের মধ্যে এই ম্যাচ নিয়ে আগ্রহের কমতি থাকতে পারে, তবে নিউজিল্যান্ড বা কানাডা ম্যাচটিকে নিচ্ছে গুরুত্বের সঙ্গেই। আজই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলতে চায় নিউজিল্যান্ড। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া দলটির কানাডাকে হারাতে পারলেই হবে। তবে কানাডাও চায় এই বিশ্বকাপ থেকে কিছু নিয়ে যেতে। কেনিয়ার বিপক্ষে আগের ম্যাচটি জিতেছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো অঘটন হলেই বিশ্বকাপটা চিরস্মরণীয় হয়ে থাকবে তাদের জন্য। কানাডা অধিনায়ক আশিস বাগাই তো জয়ের স্বপ্নই দেখছেন, ‘নিউজিল্যান্ডের বাজে ফর্ম আমাদের সাহায্য করবে।’নিউজিল্যান্ডের বাজে ফর্মটা কোথায় দেখলেন বাগাই! আগের ম্যাচেই যে পাকিস্তানকে ১১০ রানে হারিয়েছে কিউইরা। তবে ওই ম্যাচে নিউজিল্যান্ড হারিয়েছে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকেও। পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে ডান হাঁটুতে চোট পেয়েছেন তিনি। চোট অবশ্য সেরে উঠছে। তবে কানাডার বিপক্ষে না খেলারই কথা ভেট্টোরির। দ্রুত সেরে ওঠার জন্য আজ তাঁকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। এএফপি, ওয়েবসাইট।