নিতান্তই কাকতালীয় ব্যাপার। ২৫ মে ওয়েম্বলিতে মুখোমুখি হবে যে দুই দল, সেই তারাই মুখোমুখি হচ্ছে আজ। গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের লাইনআপ নিশ্চিত করে পরের ম্যাচেই দুই দল মুখোমুখি ঘরোয়া লিগে। বরুসিয়া ডর্টমুন্ড আজ আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখকে। এমনিতে জার্মান বুন্দেসলিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ফলে এক অর্থে এই ম্যাচটি গুরুত্বহীন। কিন্তু সেই আপাত-অগুরুত্বপূর্ণ ম্যাচটিই মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠল মানসিক লড়াইয়ের দিক দিয়ে। এই ম্যাচে যে জিতে মানসিকভাবে এগিয়ে থাকতে চাইবে দুই দলই।লিগে ৩১ ম্যাচের মাত্র একটা ম্যাচেই হেরেছে বায়ার্ন, জিতেছে ২৭টিতেই। বায়ার্নের ফর্ম বোঝাতে এই পরিসংখ্যানই যথেষ্ট। তবে ডর্টমুন্ডও কিন্তু যথেষ্ট মাঞ্জা দিয়ে রেখেছে সুতোয়। গতবার লিগ ও কাপের ডাবল জেতার স্মৃতি নিশ্চয়ই ভুলে যায়নি তারা। এবার লিগের সর্বশেষ ছয়টি ম্যাচেও জিতেছে। লিগে সর্বশেষ ১০ ম্যাচে ডর্টমুন্ডের মাত্র এক পরাজয়। বায়ার্নের চ্যাম্পিয়নশিপ যেমন নিশ্চিত, তেমনি একরকম নিশ্চিত ডর্টমুন্ডের দ্বিতীয় স্থানটিও। তিনে থাকা বায়ার লেভারকুসেনের চেয়ে তারা এগিয়ে আছে ৮ পয়েন্টে। ফলে সেই হিসাবে এই ম্যাচটার হারজিতে কারোরই কোনো ক্ষতি বা লাভ হওয়ার কথা নয়। কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এমন একটি স্নায়ুকাতর লড়াই, এই ম্যাচের আগে দুই দলই সম্ভাব্য সব রকম রসদই মজুদ রাখতে চায় নিজেদের ভাঁড়ারে। আজ যে দল জয় পাবে, ওয়েম্বলিতে তাদের তূণে বাড়তি একটা তির থাকবে বৈকি।ওয়েম্বলি নিরপেক্ষ ভেন্যু। আজকের ম্যাচটি সিগনাল ইদুনা পার্কে, ডর্টমুন্ডের নিজেদের মাঠে। ফলে এই দুটির মধ্যে বিস্তর ফারাক যে থাকবে, তা বলা বাহুল্য। কিন্তু এই ম্যাচের গুরুত্ব দুই দল অস্বীকারও করতে পারছে না। আর তাই আজকের ম্যাচে স্নায়ুচাপ থাকবে। থাকবে বারুদের গন্ধ। একটুতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে গোলমাল বেধে গেলেও বিস্ময়ের কিছু থাকবে না। একসময় বায়ার্নের সঙ্গে বেশ সুসম্পর্কই ছিল ডর্টমুন্ডের। ১৯৯৭ সালে ইউরোপ চ্যাম্পিয়ন হওয়া ডর্টমুন্ড মাত্র সাত বছরের মাথায় পড়ে গিয়েছিল আর্থিক সংকটে। ২০ লাখ ইউরো ধার দিয়ে বায়ার্নই তখন সাহায্য করেছিল। কিন্তু সেই সুদিন আর নেই।দুই দলের সেই সম্পর্কে আরও বেশি ফাটল ধরেছে ডর্টমুন্ড থেকে মারিও গোটশেকে বায়ার্ন ছিনতাই করে নিয়ে যাওয়ায়। আগামী মৌসুম থেকে বায়ার্নের হয়ে খেলবেন এটা নিশ্চিত জানার পর গোটশে সেই বায়ার্নের বিপক্ষে কতটা ধারাল হবেন, এ নিয়ে সংশয় আছে অনেকের। দলবদলের বাজার শুরু হওয়ার আগেই, গোটশের বাই-আউট ক্লজের সবগুলো টাকা পরিশোধ করে এভাবে তাঁকে নিয়ে যাওয়াটা ভালোভাবে দেখার মতো উদারতা ডর্টমুন্ড দেখাবেই বা কেন?দুই দলের সম্পর্কে যে একটা টানাপোড়েন আছে, সেটা কার্ল হেইঞ্জ রুমেনিগের একটা খোঁচাতেই বোঝা গিয়েছিল। বার্সেলোনাকে দুই লেগে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বায়ার্ন সভাপতি রুমেনিগে বলেছিলেন, ‘শনিবার আমাদের হাতে বেশ সহজ একটা ম্যাচ আছে।’ এবার ডর্টমুন্ড প্রধান নির্বাহী হ্যান্স-জোয়াকিম ওয়াশকেও স্বীকার করলেন, ‘বায়ার্ন সম্পর্কে সব সময়ই গভীর শ্রদ্ধা আর অনুরাগ নিয়ে কথা বলেছি। কিন্তু সেটা শীতল হয়ে আসছে। এখন এর মধ্যে কিছু রোষ-উত্তেজনা ঢুকে পড়েছে।’আজকের ম্যাচটি দেখতে ভুলবেন না! এএফপি।