ফাইনালের রেফারি নিয়ে বিতর্ক!
বিশ্বকাপ ফাইনাল পরিচালনা? এ যেন জলন্ত অগ্নিকুণ্ড লাফিয়ে পার হওয়ার চেষ্টা! পার হয়ে গেলেন তো বেঁচে গেলেন, একটু ভুল হলেই সেই আগুনে আপনার পা পুড়বেই। এর পরও একজন রেফারির কাছে এর চেয়ে বড় সম্মান আর হয় না। বিশ্বের সবচেয়ে বড় পুরস্কারের লড়াই পরিচালনা করা, বিশ্বকাপ জয়ের সম্মানের চেয়েও কম কিছু কি?তবে হল্যান্ড ও স্পেনের মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি যিনি পরিচালনা করবেন সেই ইংলিশ রেফারি হাওয়ার্ড ওয়েবকে নিয়ে এরই মধ্যে দানা বেঁধেছে বিতর্কের। ওয়েবকে ফাইনালে রেফারিংয়ের দায়িত্ব দেওয়া নাকি মেনে নিতে পারছে না স্প্যানিশ দল। এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর স্পেন সেই পরাজয়ের জন্য দায়ী করেছিল এই হাওয়ার্ড ওয়েবকেই। সেদিনের ম্যাচে ওয়েবের বাজে রেফারিংই নাকি স্পেনকে জিততে দেয়নি। ফিফা ফাইনালের রেফারি হিসেবে ওয়েবের নাম ঘোষণা করার পরপরই ফুঁসে উঠেছে স্প্যানিশ মিডিয়া। এই সংবাদ পরিবেশনের সময় স্পেনের একটি বিখ্যাত দৈনিক মার্সা শিরোনাম করেছে, ‘দুঃসংবাদ! সেই হাওয়ার্ড ওয়েব ফাইনালেও রেফারি।’ ক্রীড়াবিষয়ক দৈনিক এসএস বলেছে, ‘সুইজারল্যান্ডের বিপক্ষে সেই পরাজয়টির পেছনে দায়ী ছিল হাওয়ার্ডের দুটি বিতর্কিত সিদ্ধান্ত।’এদিকে ১৯৭৪ সালের পর এই প্রথম ইংলিশ রেফারি হিসেবে বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করা হাওয়ার্ড ওয়েব সম্পর্কে একটি মজার তথ্য দিয়েছেন খোদ তাঁর স্ত্রী। যুক্তরাজ্যের জিএমটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘আমি বুঝতে পারছি না ওয়েব কীভাবে বিশ্বকাপের ফাইনালে ২২ জন খেলোয়াড়কে সামলাবে? ও তো ঘরে নিজের বাচ্চাই সামলাতে পারে না।’ স্প্যানিশ পত্রিকার বিতর্ক কি কিছুটা উসকে দিলেন হাওয়ার্ড ওয়েবের স্ত্রী?তবে ওয়েবের স্ত্রী যাই বলুন না কেন, স্পেন যতই আপত্তি তুলক না কেন, ফিফার কিন্তু অগাধ আস্থা এই ইংলিশ রেফারির প্রতি। এখন দেখা যাক, ওয়েব সেই আস্থার প্রতিদান দিতে পারেন কি না।