ফাইনালের স্বপ্নে বিভোর ইরাক

ইরাকিরা নাচছে, গাইছে, আনন্দে আত্মহারা হয়ে আকাশে গুলি ছুড়ছে। রাস্তায় নেমে বিপুল শব্দে হর্ন বাজিয়ে করছে উদ্যাপন। অশান্তিময় দেশটি কিছু সময়ের জন্য হলেও যেন ভুলে গিয়েছিল সব উদ্বেগ-উৎকণ্ঠা, ভয়ভীতি। নিত্যই আত্মঘাতী বোমা হামলায় ক্ষতবিক্ষত হওয়া দেশটির জনগণকে আনন্দের উপলক্ষটা এনে দিয়েছে দেশটির তরুণ ফুটবল দল। গত রোববার দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার পরপরই রাস্তায় নেমে এসেছিল দেশটির হাজারো মানুষ। সেই ইরাকের সামনে আজ আরও বড় সুযোগ। সুযোগ বিশ্ব ফুটবলের মানচিত্রে নিজেদের আরও উজ্জ্বল করে তোলার। আজ তুরস্কের ত্রাবজনে উরুগুয়েকে হারাতে পারলেই যে ফাইনাল।
১৯৮৬ বিশ্বকাপে খেলা মধ্যপ্রাচ্যের দেশটি অনেকবারই চমকে দিয়েছে ফুটবলবিশ্বকে। মার্কিন আগ্রাসনের পর যুদ্ধপীড়িত দেশটির ২০০৭ সালের এশিয়া কাপ জিতে নেওয়াটাই যেমন স্থান পেয়েছে ফুটবল-রূপকথায়। ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে সেমিফাইনালে উঠে যাওয়াটাও কম বিস্ময়কর ছিল না। ব্রাজিল-আর্জেন্টিনাবিহীন এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপটাকেও এবার স্মরণীয় করে রাখছেন ইরাকি যুবারা।
টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দল ইরাক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থাকার পর ড্র। এরপর সব বাধাই উড়িয়ে দিয়েছে হেলায়। অন্যদিকে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ০-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা উরুগুয়ে প্রতি ম্যাচেই যেন উন্নতি করছে। কোয়ার্টার ফাইনালে ফেবারিট স্পেনকে হারিয়ে দিয়ে নিজেদের অন্য এক উচ্চতাতেই নিয়ে গেছে দক্ষিণ আমেরিকার দেশটি।
প্রথম সেমিফাইনালটাও আভাস দিচ্ছে ধুন্ধুমার লড়াইয়ের। টুর্নামেন্টের সবচেয়ে আক্রমণাত্মক দুটি দল ফ্রান্স (১৩ গোল) ও ঘানা (১২) মুখোমুখি হচ্ছে বুরসার আতাতুর্ক স্টেডিয়ামে। গ্রুপ পর্বে একই গ্রুপে ছিল দল দুটি। দুই দলের প্রথম লড়াইয়ে ফ্রান্স জিতেছিল ৩-১ গোলে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন ঘানার সামনে আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ। তথ্যসূত্র: ফিফা ডট কম।