ফাউন্টেন এসেছেন, আসছে সফটওয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফিল্ডিং অ্যানালাইসিস সফটওয়্যার প্যাকেজ’—ফিল্ডিং প্রশিক্ষণটাকে আরও সহজ করতে তৈরি হচ্ছে বিশেষ ধরনের এই সফটওয়্যার। বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ জুলিয়েন ফাউন্টেন নিজেই বানাচ্ছেন এটি। ফাউন্টেন ফিল্ডিং কোচ হয়ে আসায় বিশেষ এই সফটওয়্যার যোগ হবে বাংলাদেশ দলের অনুশীলনেও।লন্ডন-দুবাই হয়ে কাল সকালে ঢাকা পৌঁছে বিকেল বেলায়ই জুলিয়েন ফাউন্টেন পা রাখলেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সৌজন্য বিনিময় করলেন বিসিবির কর্মকর্তা, কোচ জেমি সিডন্স এবং অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গেও। এসবের এক ফাঁকে বিসিবির অভ্যর্থনা লাউঞ্জে হয়ে গেল একটা সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলন শেষেই ফাউন্টেন বলেছেন, ‘ফিল্ডিং প্রশিক্ষণের জন্য একটা সফটওয়্যার তৈরি করছি আমি। আশা করি, মাস দুয়েকের মধ্যেই এটির কাজ শেষ হবে। সফটওয়্যারটি তৈরি হয়ে গেলে এটি আমি বাংলাদেশ দলের অনুশীলনে ব্যবহার করব।’‘আমি একজন সাবেক ক্রিকেটার ও বেসবল খেলোয়াড় এবং কোচ’—নিজের পরিচয়টা এভাবে দিতেই পছন্দ করেন জুলিয়েন ফাউন্টেন। শুধু যদি কোচ ফাউন্টেনের কথা বলেন, তিনি অনেকটাই প্রযুক্তিনির্ভর। ফাউন্টেনের মতে, কম্পিউটারে ডিজিটাল ফুটেজ আর পরিসংখ্যানের সমন্বয়ের মাধ্যমে ফিল্ডারদের পারফরম্যান্স ফুটিয়ে তুলতে পারলে ফিল্ডিং প্রশিক্ষণটা অনেক সহজ হয়।এখন পর্যন্ত বাংলাদেশ দল সম্পর্কে তাঁর যা ধারণা, সেটাও ভিডিও ফুটেজ দেখেই। সংবাদ সম্মেলনে ফাউন্টেন বলেছেন, ‘টেলিভিশনে খেলা দেখে যেটুকু মনে হয়েছে, এই দলটা তরুণ এবং প্রতিভাবান। তবে দলটা সম্পর্কে সবকিছু গভীরভাবে জানি না। এখন থেকে জানার চেষ্টা করব।’ আপাতত ২০১১ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ফাউন্টেনকে। যদিও তাঁর আশা, বিশ্বকাপের পর হয়তো মেয়াদ বাড়বে।বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ডের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ফাউন্টেন। তবে শুধু ফিল্ডিং কোচই নয়, কাজ করেছেন কোচদের প্রশিক্ষণ নিয়েও, ‘ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও ইংল্যান্ড—এই তিন ক্রিকেট বোর্ডের সঙ্গেই আমি কোচ প্রশিক্ষণসংক্রান্ত অনেক কাজ করেছি।’বাংলাদেশে চাকরি নিলেন মাত্রই। এখনো নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করেননি। শুধু বলেছেন, ‘এই মুহূর্তে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই আমার। তবে বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের ফিল্ডিংটাকে সর্বোচ্চ পর্যায়ে নিতে চাই। এ ছাড়া আরও কিছু পরিকল্পনা আছে।’ফাউন্টেন চলে এলেও বোলিং কোচ ল্যান্স ক্লুজনারের আসার দিন-তারিখ ঠিক হয়নি এখনো। ব্যক্তিগত সমস্যার কারণে তাঁর আসা নিয়ে নাকি অনিশ্চয়তাও আছে। যদিও বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস উড়িয়ে দিচ্ছেন সে অনিশ্চয়তা, ‘ক্লুজনার আসবেন, এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। ছুটিছাটা-সংক্রান্ত আলোচনা এবং তাঁর ব্যক্তিগত কিছু সমস্যার কারণে সবকিছু চূড়ান্ত হতে একটু দেরি হচ্ছে।’