ফাওয়াদকে খেলানো ভুল সিদ্ধান্ত!
টি-টোয়েন্টি আর ওয়ানডে অভিষেক হয়ে গেছে এরই মধ্যে। ধারণা করা হচ্ছে, আসন্ন অ্যাশেজে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকও হয়ে যাবে ফাওয়াদ আহমেদের। তবে সাবেক অস্ট্রেলিয়ান স্পিনার ব্রাইস ম্যাকগেইন মনে করেন, অ্যাশেজের আগেই এভাবে ফাওয়াদকে খেলানোটা নির্বাচকদের ভুল সিদ্ধান্ত। যে ফাওয়াদ হতে পারতেন অ্যাশেজে অস্ট্রেলিয়ার তুরুপের তাস, এখন তাঁর সম্পর্কে আগেই সব জেনেবুঝে গেল ইংল্যান্ড দল!
পাকিস্তানি বংশোদ্ভূত ফাওয়াদের অস্ট্রেলিয়া দলে ডাক পাওয়াটাই বিরাট চমক। ইংল্যান্ডের বিপক্ষে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই ৩ উইকেট আর স্কটল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ৩৯ রানে এক উইকেট নিয়ে সীমিত ওভারের ক্রিকেটে শুরুটা মন্দ করেননি। নভেম্বরের ফিরতি অ্যাশেজেই অস্ট্রেলিয়ার ‘তুরুপের তাস’ হয়ে উঠতে পারেন তিনি। ম্যাকগেইন তাই মনে করেন, সেই পর্যন্ত ফাওয়াদকে ‘লুকিয়ে’ রাখাই উচিত ছিল! আগেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ায় ইংল্যান্ড এখন সহজেই সবকিছু জেনে গেল এই লেগ স্পিনার সম্পর্কে। ইংল্যান্ড লেগ স্পিনে দুর্বল। কিন্তু ফাওয়াদের হাতে কী অস্ত্র আছে সেটা জেনে ফেলায় এখন দুর্বলতা কাটিয়ে ওঠারও অনেক সময় পেয়ে গেল ইংল্যান্ড! ওয়েবসাইট।