ফাকনারকে স্যামিদের জবাব গ্যাংনামে!

আজই কি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হয়ে গেল নাকি? মিরপুরে আজ সন্ধ্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের বিজয় উল্লাস দেখলে এই বিভ্রমে পড়াটা অস্বাভাবিক নয়। জেমস ফকনারের বলে দ্বিতীয় ছক্কাটি মেরেই অধিনায়ক ড্যারেন স্যামি ব্যাট-ট্যাট ফেলে ডাগ আউটের দিকে ছুটলেন, যেন কেল্লা-ফতে হয়েই গেছে। ডাগ আউট থেকে সব ক্যারিবীয় ক্রিকেটার স্যামির দিকে এগিয়ে এলেন গ্যাংনাম নাচ নাচতে নাচতে! ডোয়াইন ব্রাভো তো হাতের দুটো গ্লাভস খুলে ছুড়ে দিলেন গ্যালারির দিকে! খিস্তি-খেউড়ও বোধ হয় চলল। সব মিলিয়ে চিত্রটা একেবারে ফাইনাল জয়ের মতো! হবেই বা না কেন? অস্ট্রেলিয়াকে হারিয়ে ফকনারের এক মন্তব্যের যে দারুণ এক জবাবই দিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।
ফকনার এমন কী বলেছিলেন, যার জন্য জয় পেয়ে এতটা উদ্দাম গেইল-স্যামিরা! ম্যাচের আগে ফকনার হঠাত্ই বলে বসেছিলেন, ওয়েস্ট ইন্ডিয়ানদের নাকি তিনি একেবারেই পছন্দ করেন না! দলকে ম্যাচ জিতিয়ে সংবাদ সম্মেলনে এসে ড্যারেন স্যামি বললেন, ‘ক্রিকেট মাঠের খেলা। মাঠে খেলেই আপনাকে প্রমাণ করতে হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, তিনি আমাদের এমন একটা জয় উপহার দিলেন। ওয়েস্ট ইন্ডিজ মাঠে খেলেই ফকনারকে জবাব দিয়ে দিয়েছে। মনে হচ্ছে এর পর থেকে ফকনার আমাদের আরও অপছন্দ করবে।’
শেষ ওভারে ফকনারকে পেয়েই ঝালটা কি মিটিয়ে নিলেন স্যামি? ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের নাকি শেষ ওভারটিতে ওসব কথা মনেই ছিল না, ‘ওই ওভারটিতে আমার ওসব কিছুই মনে ছিল না। আমার কাজ ছিল দলকে জিতিয়ে নিয়ে আসা। হ্যাঁ, ফকনার যেহেতু বেশি কথা বলছিল, তাই ওর বলেই জয়সূচক দুটো শট মারতে পেরে ভালো লেগেছে।’
এই ম্যাচ জয়ের পর উদ্দাম উদযাপন এখানেই শেষ করে দিতে চান স্যামি, ‘আমাদের এখন পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য তৈরি হতে হবে। মনোযোগটা ওখানেই দিতে হবে।’
উদযাপনটা যে এভাবে হয়ে যাবে, স্যামি তা একেবারেই ভাবেননি। গ্যাংনাম স্টাইল উদযাপনটা পুরোপুরিই ক্রিস গেইলের মস্তিষ্কপ্রসূত বলে জানালেন তিনি, ‘গ্যাংনাম ডিপার্টমেন্টটা পুরোপুরিই গেইলের। আমাদের উদযাপনের কোনো কিছুই পূর্বপরিকল্পিত ছিল না। আমরা যখন মাঠে খেলি, পুরোপুরি প্যাশন নিয়েই খেলি। উদযাপনের ব্যাপারটাও তেমনই।’
ম্যাচে অদ্ভুত একটা শট খেলে চার পেয়েছেন স্যামি। এ ব্যাপারে প্রশ্ন গেল স্যামির দিকে। ওই শটটাকে তিনি কোন নামে ডাকবেন? ওটা তো মহেন্দ্র সিং ধোনির হেলিকপ্টার শটের কাছাকাছিই। স্যামি অবশ্য ওই শটের জন্য নিজের ভাগ্যের গুণাগুণই বর্ণনা করলেন, ‘আমি জানি না ওটা ধোনির হেলিকপ্টার শট কি না! তবে আমি ওই শটটা ব্যাটে লাগাতে না পারলে নিশ্চিতভাবেই হয়তো এলবিডব্লুর ফাঁদে পড়তাম। ক্রিকেটে ভাগ্যকে আপনার প্রয়োজন হবেই। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে হয়তো ওয়েস্ট ইন্ডিজের জন্য তেমনই একটা দিন ছিল।’