কেভিন পিটারসেনই তো! নাকি তাঁর রূপ ধরে অন্য কেউ?চোখেমুখে কোথায় সেই আত্মবিশ্বাসের ঝলক? কথাবার্তায় কোথায় সেই ঔদ্ধত্য? এ তো দেখছি বিনয়ের অবতার! ‘এখনো শিখছি’, ‘আরও শিখতে হবে’, ‘নেটে অনেক পরিশ্রম করেছি, আরও করতে হবে’—ইংলিশ ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার কোথায়, এ তো ক্রিকেটের বিনয়ী ছাত্র!সংবাদ সম্মেলনে কেভিন পিটারসেনের কথা শুনতে শুনতে চিন্তাটা মনে এল—একজন ক্রিকেটারের ব্যক্তিত্বেও কি তাহলে ছায়া ফেলে রান আর উইকেট!ক্রিকেট যতটা সাহিত্যের উপাদান হয়েছে, আর কোনো খেলাই সম্ভবত তা নয়। খেলাটা নিয়ে স্মরণীয় উক্তিরও তাই ছড়াছড়ি। যার মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো, ‘ক্রিকেট ইজ আ গ্রেট লেভেলার।’ এ এমন একটা খেলা, যাতে আজকের রাজা কালকের ফকির। সেঞ্চুরি করে আকাশে উড়ছেন ব্যাটসম্যান, পরের দুই ইনিংসে শূন্য—হঠাত্ই মনে হতে লাগল রান করার চেয়ে কঠিন কাজ এই ত্রিভুবনে আর নেই। সবচেয়ে ভালো বলেছিলেন ব্রায়ান লারা, ‘ডাবল সেঞ্চুরি করার পর ভাবছেন দুর্দান্ত ফর্মে আছেন, পরের ইনিংসে একটা বাজে শট খেলে আউট হয়ে গেলেন, পরের ইনিংসে হয়তো আম্পায়ারের ভুলের বলি, পরের ইনিংসে কোনো ফিল্ডারের দুর্দান্ত ক্যাচ—হঠাত্ই দেখলেন তিন ইনিংসে আপনার রান নেই। লোকজন-মিডিয়ায় ফর্মহীনতা নিয়ে তুমুল আলোচনা!’এই ‘ফর্ম’ ব্যাপারটাও ক্রিকেটের মতো আর কোনো খেলায় এমন আলোচিত নয়। জিনিসটা কী, সবাই তা জানে। কিন্তু কীভাবে তা আসে-যায়, তার কোনো ব্যাখ্যা নেই। সেই একই মানুষ, একই ব্যাটসম্যান, একই টেকনিক—হঠাত্ই কীভাবে রান করাটা বিশ্বের সহজতম কাজ থেকে কঠিনতম হয়ে ওঠে? ফর্মটা কি তাহলে পুরোপুরিই মনস্তাত্ত্বিক কোনো ব্যাপার—সাফল্যজনিত আত্মবিশ্বাস অথবা টানা ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলা?‘একই মানুষ’ কথাটা বোধ হয় ঠিক নয়। ফর্মে থাকা আর ফর্ম হারানো ব্যাটসম্যান যদি একই মানুষ হবেন, তাহলে আর কেভিন পিটারসেনকে অমন অচেনা মনে হবে কেন? মনে হয়, মাঠের পারফরম্যান্স ব্যক্তিত্বেও ছায়া ফেলে বলেই তো!ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে সর্বশেষ যাঁর সম্পর্কে ‘শিল্পী’ শব্দটা ব্যবহূত হয়েছে, সেই ডেভিড গাওয়ার ফর্ম নিয়ে বলতে গিয়ে ক্রিকেটের খেয়ালি চরিত্রটাও টেনে এনেছিলেন সামনে। ‘কোনো দিন হয়তো প্রথম বলটাই ব্যাটের মাঝখানে খেলে কভার ড্রাইভে চার, মনে হলো আজ আমারই দিন। অথচ ১২ রান করেই আউট! আরেক দিন শুধু ব্যাটের কানাকানচিতে বল লাগছে, কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না—সেদিনই দেখা গেল সেঞ্চুরি মেরে বসলাম। ক্রিকেট ইজ আ ফানি গেম!’‘ফানি গেম’ তো বটেই। নইলে কি আর বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ কেভিন পিটারসেনের জন্য এমন কঠিন পরীক্ষা হয়ে দাঁড়ায়! পিটারসেনকে অসহায়ভাবে বলতে হয়, ‘পরের রানটা কোত্থেকে আসবে—সব ব্যাটসম্যানেরই এমন সময় আসে। গত দুই সপ্তাহ আমারও এমন সময়ই গেছে।’এই টেস্টের আগে বাংলাদেশ সফরে ৭ ইনিংসে মাত্র ৬৯। কাল এক ইনিংসেই করলেন ৩০ বেশি। টেস্টে এর আগেও চারবার নব্বইয়ের নার্ভাসনেসে কাটা পড়েছেন, তবে ৯৯ রানে এই প্রথম। কীভাবে আউট হলেন বর্ণনা দিতে গিয়ে ‘বলটা বেশি আড়াআড়ি খেলতে গিয়েই ভুলটা হয়েছে’ বলার পর দিলেন আসল ব্যাখ্যাটা, ‘৯৯ রানে অদ্ভুত সব ঘটনা ঘটে।’ হয়তো ঘটত না, যদি আত্মবিশ্বাসটা অমন নড়বড়ে না থাকত!সেঞ্চুরি হারানোর দুঃখ তো থাকবেই। মাঠ থেকে অপস্রিয়মাণ কেভিন পিটারসেনের মধ্যে তা প্রকাশিতও হলো। কিন্তু যে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তাতে তো এই ৯৯ রানেই তাঁর খুশি হওয়ার কথা। ফিরে আসার কথা সেই ‘পিটারসেনীয়’ আত্মবিশ্বাস। তা যে এল না, তার কারণ যে পিটারসেনকে ক্রিকেট বিশ্ব চেনে, এটা তো সেই পিটারসেন নয়। দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ টেস্ট সিরিজে ৭ ইনিংসে করেছেন মাত্র ১৭৭ রান, গত মে থেকে ১৪ টেস্টে এটি তাঁর মাত্র তৃতীয় হাফ সেঞ্চুরি। সংবাদ সম্মেলনে তাই এমন প্রশ্নও হলো, অ্যাকিলিস ইনজুরির আগের কেভিন পিটারসেন কি আর ফিরে আসবেন? আগের পিটারসেন হয়তো তাচ্ছিল্যের হাসি দিয়ে বলতেন, ‘নিশ্চয়ই। এই প্রশ্নটা কেন উঠছে, সেটিই তো বুঝতে পারছি না।’ আর এই পিটারসেন মিষ্টি হাসি দিয়ে বললেন, ‘আশা তো করি।’শুনতে শুনতে মন চলে গেল সাড়ে চার বছর পেছনে। ২০০৫ সালের অক্টোবর। মেলবোর্নে অস্ট্রেলিয়া আর অবশিষ্ট বিশ্ব একাদশ খেলার সঙ্গে মিলিয়ে আইসিসির অ্যাওয়ার্ড নাইট। যাতে বর্ষসেরা উদীয়মানের পুরস্কার জিতলেন পিটারসেন। ট্রফি হাতে নিয়ে সংবাদ সম্মেলনে এসে যেভাবে কথাবার্তা বললেন, সেটিকে বলা যায় পরিশীলিত মাস্তানি। বিশ্বের সেরা ব্যাটসম্যান হতে চান—এই ঘোষণায় কোনো বিস্ময় ছিল না। কিন্তু পিটারসেন যে সেখানেই থেমে থাকার পাত্র নন। বলে দিলেন, বিশ্বের সেরা অফ স্পিনারও হতে চান তিনি, বিশ্বের সেরা ফিল্ডারও। মনে আছে, পিটারসেন চলে যাওয়ার পর সাংবাদিকদের মধ্যে একটা গুঞ্জন উঠেছিল। মুগ্ধতার গুঞ্জন! পিটারসেনের সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত আত্মবিশ্বাস যে তাঁর ওই কথাগুলোকে মোটেই বাগাড়ম্বর বলে মনে করতে দিচ্ছিল না।ব্যাটিংয়েও সেই মাস্তানিই দেখিয়ে গেছেন এত দিন। শুধু বাঁহাতি স্পিনেই সেই মাস্তানি শেষ! ২০০৮ সাল থেকে টেস্টে যে ৪১ বার আউট হয়েছেন, তার ১৩ বারই বাঁহাতি স্পিনে। এখানে ওয়ানডে সিরিজে তিন ইনিংসের পর টেস্টের প্রথম ইনিংসেও সেই বাঁহাতি স্পিনই পিটারসেনের প্রাণ-সংহারক। তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসেও। টেকনিক্যাল দুর্বলতা, নাকি নিছকই কাকতালীয়? নাকি রহস্যটা লুকিয়ে ওই কথাটাতেই—ক্রিকেট ইজ আ ফানি গেম!