ফার্গি ফিরছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার অ্যালেক্স ফার্গুসন ফিরতে পারেন! সাড়া ফেলে দেওয়ার মতোই খবর। তবে সমস্যা হলো ফার্গি নিজে কোনো আভাস দেননি। কথাটা বলেছেন তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী আর্সেন ওয়েঙ্গার। আর্সেনাল কোচ বলেছেন, ফার্গি ফিরলে আর যে-ই হোক, তিনি অন্তত অবাক হবেন না।
কদিন আগেই নতুন আত্মজীবনী প্রকাশিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচের। সেটা নিয়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। ওয়েঙ্গারকে নিয়েও একটা অধ্যায় আছে বইতে। ‘কমপিটিং উইথ ওয়েঙ্গার’—শিরোনামের সেই অধ্যায়ে উঠে এসেছে ডাগ-আউটে অনেক দিনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মিঠে-কড়া সম্পর্কের হকিকত।
ওয়েঙ্গারের সঙ্গে শুরুর দিকে বেশ নরম-গরম সম্পর্কই ছিল ফার্গির। পরের দিকে গিয়ে সেই তিক্ততাটা অবশ্য থিতিয়ে পড়েছিল। ওয়েঙ্গারের দীর্ঘদিনের চেনা ফার্গি। সেই অভিজ্ঞতার সূত্র ধরেই বললেন, ‘ছয় মাসে আমরা এ বিষয়ে আরও অনেক কিছু জানতে পারব (ফার্গুসন ফিরবেন কি না)। আপনি সম্ভাবনাটা পুরোপুরি উপেক্ষা করতে পারেন না।’ ওয়েঙ্গার মনে করেন ডাগ-আউটের তিন দশকের মায়া কাটানো সহজ নয়, ‘৩০ বছর ধরে যে নেশাটা আপনি করছেন হঠাৎ সেটা থেকে দূরে সরে যাওয়া কঠিন।’
এমনিতেই নতুন কোচ ডেভিড ময়েসের দিনকাল ভালো যাচ্ছে না। লিগে ইউনাইটেডের অবস্থা সঙ্গিন। ওয়েঙ্গারের ভবিষ্যদ্বাণীর পেছনে এই কারণটাও হয়তো কাজ করেছে। তবে শিগগিরই নিজের আত্মজীবনী বের করার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ওয়েঙ্গার। এএফপি।