ফার্গিকে একহাত নিলেন ডি মাত্তেও
গত রোববার চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের পরই উঠেছিল বিতর্কটা। রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গের গোটা কয়েক বিতর্কিত সিদ্ধান্তে কপাল পোড়ে চেলসির। ইভানোভিচ ও তোরেসকে লাল কার্ড তো দেখিয়েছেনই, পরে দেখা গেছে ইউনাইটেডের হার্নান্দেজের করা জয়সূচক গোলটিও ছিল অফসাইড থেকে। সবকিছু মিলে একটা অভিযোগ উঠেই গিয়েছিল, তবে কি রেফারিরা ইউনাইটেডের প্রতি খানিকটা পক্ষপাতমূলক আচরণই করছেন? না হলে সব সময় রেড ডেভিলদের প্রতিপক্ষকেই ভুল সিদ্ধান্তের বলি হতে হবে কেন? এত দিন এটা নিয়ে চুপ থাকলেও এবার মুখ খুলেছেন চেলসি কোচ রবার্তো ডি মাত্তেও। ইউনাইটেড যে একটা বাড়তি সুবিধা পায় সেটা খোলাখুলিই বলেছেন। তবে সেগুলো উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন না চেলসির ইতালিয়ান কোচ, ‘আমি মনে করি বড় সিদ্ধান্তগুলো যে ইউনাইটেডের পক্ষে যায় তার এন্তার প্রমাণ আছে। এটা নিয়ে অনেক কথাই হচ্ছে, তবে আমি মনে করি রেফারিরা ইচ্ছা করে এটা করেন না। এটা আসলে তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার, শুধু সিদ্ধান্তগুলো এক দিকেই যাচ্ছে আরকি।’মার্ক ক্ল্যাটেনবার্গের বিরুদ্ধে চেলসি বর্ণবাদের আনুষ্ঠানিক অভিযোগ তোলার পর ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন রেফারির পাশেই এসে দাঁড়িয়েছেন। ক্ল্যাটেনবার্গ এমন অনাকাঙ্ক্ষিত মন্তব্য করতে পারেন না বলেই ফার্গির বিশ্বাস, ‘আমার মনে হয় না মার্ক ক্ল্যাটেনবার্গ এমন মন্তব্য করতে পারেন। আমার মন চায় না এটা বিশ্বাস করতে। আমি মনে করি, আধুনিক ফুটবলে এটা একেবারেই অবিশ্বাস্য একটা ব্যাপার।’ তবে ডি মাত্তেও নিজেদের অবস্থানে অটলই আছেন, ‘আমরা বিশ্বাস করি আমরা যা করেছি সেটা ঠিকই করেছি। তদন্ত চলছে, কাজেই এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।’ এই সুযোগে ফার্গুসনকে প্রচ্ছন্ন একটা খোঁচাও দিয়েছেন ডি মাত্তেও, ‘তিনি (স্যার অ্যালেক্স) অন্য ক্লাব নিয়ে কথা বলতে পছন্দ করেন, আমরা করি না। এটা তাঁর ব্যাপার। সত্যি বলতে কি, এটা নিয়ে আমি খুব বেশি মাথাও ঘামাচ্ছি না।’মরিনহো চেলসিতে থাকার সময় প্রায়ই বাগ্যুদ্ধ লেগে যেত ফার্গুসনের সঙ্গে। সেই দ্বৈরথ এখন আর নেই। তবে ডি মাত্তেও যেভাবে পাটকেল ছুড়ছেন, তাতে সামনে চেলসি-ইউনাইটেড ম্যাচে মাঠের বাইরের লড়াইটাও নিশ্চিতভাবে ভালোই জমবে। এএফপি, ওয়েবসাইট।