ফার্গির অবসরের পেছনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বিদায় উপলক্ষে আকাশটাও যেন মুখ ভার করে ছিল। খেলা শুরুর আগেই ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টি হচ্ছিল মুষলধারে। ম্যাচ শেষে স্যার অ্যালেক্স ফার্গুসন যখন মাঠে ঢুকলেন ৭৫ হাজার সমর্থকের গগনবিদারী শব্দে তখন প্রকম্পিত স্টেডিয়াম। ফার্গি কথা বলা শুরু করতেই যেন সেই কোলাহল রূপ নিল পিনপতন নীরবতায়, মন্ত্রমুগ্ধের মতো সবাই বুঁদ ৭১ বছর বয়সী ভদ্রলোকের কথায়। এমনটা হবে নাই-বা কেন, ওল্ড ট্রাফোর্ডে এটাই যে তাঁর শেষ ভাষণ!ঘরের মাঠে তাঁর বিদায়ী ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে সাধ্যের সবকিছুই করেছেন শিষ্যরা। সোয়ানসিকে ২-১ গোলে হারিয়ে সেরা উপহারটাই দিয়েছে কোচকে। তার পরও ফার্গির মনের কোথাও হয়তো একটু খচখচানি থেকে গেল। ম্যানচেস্টার ইউনাইটেডে ওয়েইন রুনির দোদুল্যমানতার খবরটি যে তাঁকেই দিতে হয়েছে। বিদায়ী ম্যাচে চমক হয়েই এসেছে ফার্গুসনের এই কথাটা, রুনি ওল্ড ট্রাফোর্ড থেকে বিদায়ই চেয়েছিলেন!ম্যাচের শুরুতেই অবশ্য একটা কিছু আঁচ করা যাচ্ছিল। এমন একটা আবেগঘন ম্যাচে কিনা রুনি প্রথম একাদশ দূরে থাক, বেঞ্চেও নেই। গ্যালারিতে অবশ্য টিভি ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল এই স্ট্রাইকারকে। পরে ফার্গি নিজেই জানিয়েছেন, ‘আমার মনে হয় না, রুনির মাঠে নামার খুব একটা ইচ্ছা ছিল। কারণ সে দলবদলের জন্য আবেদন করেছিল। তার মাথাজুড়ে এখন এটাই।’ তবে সেই সঙ্গে এটাও জানিয়ে রেখেছেন রুনির আবেদনটা প্রত্যাখ্যাত হয়েছে, ‘আমরা তাকে যেতে দিচ্ছি না। তার ব্যাপারটা নিয়ে আবার ভাবা উচিত। হয়তো গত এক-দুই সপ্তাহে তাকে তুলে নেওয়া হয়েছে বলে সে একটু হতাশ।’তবে বিদায়বেলায় ফার্গি আর যা বলেছেন, ছুঁয়ে গেছে উপস্থিত সবাইকেই। জানিয়েছেন গত ডিসেম্বর থেকেই অবসরের কথা ভাবছিলেন। অন্য কিছু নয়, স্ত্রীকে সময় দেওয়াটাই আসল কারণ, ‘আসলে ক্যাথির (স্ত্রী) বোন মারা যাওয়ার পরেই সবকিছু বদলে যেতে থাকে। সে এখন অনেক একা। ৪৭ বছর ধরে পরিবারটাকে তো সে-ই সামলাচ্ছে।’ জয়ীর বেশে বিদায় জানাতে পেরেও সন্তুষ্টি ঝরেছে কণ্ঠে, ‘আমি মনে করি, বিজয়ীর বেশে বেরিয়ে যাওয়াটাই গুরুত্বপূর্ণ। আমি সব সময় এ রকমটাই চেয়েছিলাম।’ এমন একটা বড় সিদ্ধান্ত নিলেন, অথচ কাকপক্ষীও টের পেল না কীভাবে? ফার্গি জানিয়েছেন মুখে এমনই কুলুপ এঁটেছিলেন যে নিজের ভাইদেরই নাকি জানিয়েছেন ঘোষণার আগের দিন!উত্তরসূরি ডেভিড ময়েসকেও শুভকামনা জানিয়েছেন, ‘আমার অবসর মানে ক্লাবের সঙ্গে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না। আমার খারাপ সময়ে ক্লাব, খেলোয়াড়সহ সবাই আমার পাশে দাঁড়িয়েছিল। আমি তাই চাইব সবাই একইভাবে নতুন ম্যানেজারের পাশেই থাকুক।’ ফার্গুসনের বিদায়ের দিনে ময়েসও ১১ বছরের বন্ধন ছিন্ন করেছেন এভারটনের সঙ্গে। তাঁর স্মৃতিবিজড়িত গুডিসন পার্কে ওয়েস্ট হামকে ২-০ গোলে হারিয়ে তাঁকেও যোগ্য উপহার দিয়েছে শিষ্যরা। ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে স্মরণীয় দিনগুলোর একটি ১৯৯৯ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সেই মহাকাব্যিক জয়। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের নাটকে পাওয়া জয় ডাগ-আউটে বসে কম দেখেননি ফার্গি! অবসরের পর কোনটা বেশি মিস করবেন এই প্রশ্নে কিংবদন্তির অনুমিত উত্তর, ‘শেষ মুহূর্তের গোলগুলো। এটা দারুণ ভালোবাসি আমি।’ এএফপি।