ফার্গির এই দল আরও ভালো!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ সাল স্যার অ্যালেক্স ফার্গুসনের স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করবে আলাদাভাবে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও এফএ কাপ জিতে ঐতিহাসিক ট্রেবল যে ঘরে তোলেন ওই বছরই! ১৪ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি হবে কি না, সেটা সময়ই বলে দেবে। তবে এবার ম্যানচেস্টার ইউনাইটেড এই পথে এগোচ্ছে ভালোমতোই। আজ এফএ কাপের পঞ্চম রাউন্ডে ওল্ড ট্রাফোর্ডে রিডিংয়ের মুখোমুখি ইউনাইটেড। এই মৌসুমে এরই মধ্যে প্রিমিয়ার লিগের শীর্ষে তারা ১২ পয়েন্টের ব্যবধানে। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠে ১-১ গোলে ড্র করে এসে শেষ ষোলোর ভাগ্য একটু হলেও টেনে নিতে পেরেছে নিজেদের দিকে।ট্রেবল এখনো অনেক দূর। কিন্তু ১৯৯৯-এর দলটির সঙ্গে বর্তমান দলের তুলনা কিন্তু থেমে নেই। ফার্গুসন নিজেই এগিয়ে রাখছেন বর্তমান দলটিকে, ‘সংখ্যার হিসাবে তো এটাই বেশি শক্তিশালী। যখন আমরা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গিয়েছিলাম, রয় কিন ও পল স্কোলস নিষেধাজ্ঞার কবলে ছিল।’ এক-দুবার গায়ে ইউনাইটেডের জার্সি চড়িয়েছেন, এমন কয়েকজন খেলোয়াড়ও খেলেছেন ’৯৯-এর ফাইনালের দলে। ওটার সঙ্গে তুলনা করতে গিয়ে তাই স্বাভাবিকভাবেই বর্তমান দলটিকে ওপরে রাখেন ফার্গি, ‘এখন শুধু স্ট্রাইকার না, গোটা দলটাই আমি বদলে দিতে পারি। বুধবার তো বেশ কয়েকজন আন্তর্জাতিক খেলোয়াড় বাইরেই বসে ছিল।’ ফর্মে থাকা স্ট্রাইকার হার্নান্দেজই ছিলেন না প্রথম একাদশে।১৯৯৯ সালে ডিসেম্বরে মিডলসবরোর কাছে হারার পর মৌসুমের বাকি সময়টা অপরাজিত ছিল ইউনাইটেড। এবারও সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ হারটা গত ডিসেম্বরেই, চ্যাম্পিয়নস লিগে রোমানিয়ার ক্লুজের কাছে। ১৯৯৯ কি আবার আসছে? এএফপি।