স্বাভাবিকভাবেই দুজনের মধ্যে তুলনা চলে এসেছে। এক রোনালদোর হ্যাটট্রিক ১০ বছর আগে চ্যাম্পিয়নস লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ে রেখেছিল বড় ভূমিকা। এবারও আরেক রোনালদোতেই সর্বনাশ ইউনাইটেডের। এই রোনালদো আবার তাদেরই ‘ঘরের ছেলে’। দুই রোনালদোর মধ্যে তুলনা করতে করতে অ্যালেক্স ফার্গুসন বলে বসেছিলেন বেফাঁস এক কথা। বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানোই রোনালদোর চেয়ে ভালো, বুড়ো, মোটা রোনালদোর চেয়ে। আর আমি এটা মন থেকেই বলছি।’এমন মন্তব্য ভালো লাগেনি ব্রাজিল কিংবদন্তির। রিয়ালের সাবেক এই তারকা পাল্টা জবাব দিতে গিয়ে বলেছিলেন, ‘আমি আর কী বলব, আমার হয়ে রিয়ালই ওর মুখ ভোঁতা করে দিয়েছে।’ ফার্গির কাছ থেকে এ ধরনের মন্তব্য আশা করেননি জানিয়ে রোনালদো বলেছেন, ‘এটা খুবই অপমানজনক। এত দিন ধরে ফুটবলের সঙ্গে জড়িয়ে থাকা একজন পেশাদারের কাছ থেকে, ফুটবলের অন্যতম শীর্ষ এক ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য সত্যিই খুব অপমানের। তিক্ততার।’দুই রোনালদোর মধ্যে কে সেরা, সেই বিতর্কেও যেতে রাজি হননি বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক, ‘আমরা তাঁর মন্তব্যকে শ্রদ্ধা করি। এই পৃথিবীর সবার চোখেই আমার সেরা হওয়ার বাসনা নেই। নিজের খেলোয়াড়ি জীবনে যা করেছি তা নিয়ে আমি খুশি, যে সময়টায় আমিই ছিলাম বিশ্বের সেরা খেলোয়াড়। আমি দেখতে কেমন এ নিয়ে কথা বলতে চাই না। কিন্তু আমার ব্যাপারে কথা বলার সময় উনি যে অশ্রদ্ধা দেখিয়েছেন, তাতে আমি হতাশ।’সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোনালদোকে নাকি ক্ষুব্ধ দেখাচ্ছিল। ফার্গির প্রতি ‘শুভকামনা’ জানিয়ে তিনি বলেছেন, ‘আশা করি, ফার্গুসন যে দলগুলোর দায়িত্বে থাকবে, ওগুলো যেন সব সময়ই হারে!’ ওয়েবসাইট।