ফার্গির দৃষ্টিতেও ছিলেন দ্রগবা
বয়স বাড়লেও ইউরোপের বড় ক্লাবগুলোর কাছে দিদিয়ের দ্রগবার চাদিহা যে এতটুকু কম ছিল না, অ্যালেক্স ফার্গুসনই বুঝিয়ে দিলেন তা। চেলসি-অধ্যায় শেষ করে ৩৪ বছর বয়সী আইভরিকোস্ট তারকা পাড়ি জমিয়েছেন চীনে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ বলছেন, দ্রগবাকে তাঁরা ‘টার্গেট’ করতেন, যদি আইভরিকোস্ট তারকা ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলতে রাজি থাকতেন।গত মৌসুম শেষেই শেষ হয়ে যায় চেলসির সঙ্গে দ্রগবার চুক্তির মেয়াদ। লন্ডনের ক্লাবটি চুক্তি নবায়ন করার প্রস্তাব দিলেও দ্রগবা তাতে রাজি না হয়ে চেলসি ছাড়ারই ঘোষণা দেন। সঙ্গে জানিয়ে দেন, ইংলিশ প্রিমিয়ার লিগেই আর খেলবেন না। নতুন চ্যালেঞ্জের খোঁজে পাড়ি জমাবেন অন্য কোথাও। সেই গন্তব্য কোথায়, জানা গেছে জুনেই। চেলসি-অধ্যায় শেষ করে দ্রগবা সপ্তাহে দুই লাখ পাউন্ড বেতনে নাম লিখিয়েছেন অখ্যাত ক্লাব সাংহাই শেনহুয়ায়, যা তাঁকে বানিয়েছে চীনের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।চেলসির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের নায়ক এখন চীনে। প্রাক-মৌসুম প্রস্তুতি নিতে ফার্গুসনের ইউনাইটেডও আছে সাংহাইয়ে। আজ দ্রগবা-আনেলকাদের সাংহাই শেনহুয়ার সঙ্গেই এক প্রীতি ম্যাচ খেলবে ফার্গুসনের দল। কাল এই ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ম্যানচেস্টারের কান্ডারি জানিয়েছেন দ্রগবাকে নিয়ে তাঁর মনের কথাটা, ‘আমি মনে করি, সিদ্ধান্তটা সে-ই নিয়েছে। চেলসি ছাড়বে এবং ইংলিশ প্রিমিয়ার লিগে আর খেলবে না—এসব কথা সে-ই বলেছে।’ এএফপি, ওয়েবসাইট।