ফার্গির বিদায়বেলায় ফুটবলের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষের সেই দিনটা এসেই গেল। বেরসিক সময় বাজিয়ে দিল অন্তিম ঘণ্টাধ্বনি। দুই দিন আগের ওল্ড ট্রাফোর্ডের সঙ্গে এদিনের ওল্ড ট্রাফোর্ড ছিল অন্য রকম। আজ থেকে অনেক কিছুই আগের নিয়মেই চলবে, চেনা মুখগুলোকে আবার দেখা যাবে সবুজ মাঠে, কিন্তু স্যার অ্যালেক্স ফার্গুসন আর থাকবেন না ডাগ-আউটে। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে তাঁর শেষ ম্যাচটা হয়ে গেছে গত পরশু। ২০ মে তারিখটা তাই একটা বিভাজনরেখা আঁকবে ফার্গি-পরবর্তী যুগের সঙ্গে। কাকতালীয়ভাবে ম্যাচটা ছিল ফার্গুসনের ১৫০০তম ম্যাচও। এমন একটা উপলক্ষ যেভাবে উদ্যাপন করা যেত, সেভাবে হলো না বটে, কিন্তু যা হয়েছে তাতেও থাকল রোমাঞ্চ। নাটকীয় বললেও কম বলা হয়ে যায়, ওয়েস্ট ব্রমের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের মহানাটকীয়তার ম্যাচটা শেষ হয়েছে ৫-৫ গোলে। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের ড্র! বিদায়বেলায় ফার্গুসনকে জয় হয়তো উপহার দিতে পারেনি ফুটবল, কিন্তু ফুটবল নিজেই হলো বিজয়ী।শেষ ম্যাচে অবশ্য কিছু বলেননি ফার্গুসন। নতুন করে অবশ্য খুব বেশি কিছু বলার ছিলও না। বলেছেন মূলত শিষ্যরাই, আর স্বাভাবিকভাবেই বিদায়ী কোচের প্রশস্তিগাথাই ছিল তাঁদের মুখে। ইউনাইটেড ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড বলে দিলেন অনেকের মনের কথা, ‘৫-৫, কী পাগুলে একটা ফল! সত্যিটা হচ্ছে বস্ কখনোই ০-০-এর মতো বিরক্তিকর ফল নিয়ে বেরিয়ে যেতে চাইতেন না।’ স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজকে অবশ্য এগিয়ে থাকার পরও জিততে না পারার আক্ষেপটা পোড়াচ্ছে, ‘গুরুকে ম্যাচটা মনে রাখতে হবেই। চাইলেও এটা তিনি ভুলতে পারবেন না। ৫-২ এগিয়ে যাওয়ার পর এই প্রথম ইউনাইটেড জিততে পারল না।’ রবিন ফন পার্সিও মেতে উঠেছেন ফার্গি-বন্দনায়, ‘স্যার অ্যালেক্সের প্রাপ্য ছিল এটা (সংবর্ধনাটা)। সাড়ে ২৬ বছর বছরে ইউনাইটেডে ও এর আগে অ্যাবারডিনে যা করেছেন সেটার জন্য।’১ জুলাই থেকে দায়িত্ব নেবেন নতুন কোচ ডেভিড ময়েস। ফন পার্সি সেদিকেই তাকিয়ে আছেন, ‘এই দলটা দুর্দান্ত। আশা করি, সামনের বছর আমরা আরও শিরোপা জিততে পারব। নতুন একজন ম্যানেজার আমরা পেতে যাচ্ছি। সবাই সামনে তাকাচ্ছে। এটা নতুন একটা চ্যালেঞ্জই।’ এএফপি, রয়টার্স। ফার্গুসনের সময়েইউনাইটেডে ফার্গুসন-যুগে নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি দেখেছে ১৪ জন কোচ। রিয়াল মাদ্রিদ ও চেলসি দেখেছে আরও বেশি—সংখ্যাটা যথাক্রমে ২৪ ও ১৮! বর্ণাঢ্য ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাবারডিন, সেন্ট মিরেন, ইস্ট স্টার্লিংশায়ারের দায়িত্বে ছিলেন। ছিলেন স্কটল্যান্ড জাতীয় দলেরও কোচ। গত পরশু ওয়েস্ট ব্রমের সঙ্গে শেষ ম্যাচটা ছিল অ্যালেক্স ফার্গুসনের কোচিং ক্যারিয়ারের ২১৫৫তম!