ফার্গির মন্ত্র জানেন ভিলানোভাও!
প্রথমে গোল করে এগিয়ে যেতে কে না চায়। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নাকি কোচরা চান না আগে গোল করতে। পিছিয়ে পড়া ইউনাইটেডের চেয়ে বিপজ্জনক দল যে আর নেই! আগে গোল খেলে কিংবা পিছিয়ে থাকলে যেন অহংয়ে লাগে লাল জার্সির। লড়াইয়ের বাড়তি শক্তি যেন পেয়ে যান অ্যালেক্স ফার্গুসনের শিষ্যরা। পিছিয়ে পড়ে ম্যাচ জেতার ভূরি ভূরি নজির আছে ইউনাইটেডের।টিটো ভিলানোভার বার্সেলোনার সঙ্গে পেপ গার্দিওলার বার্সেলোনার নাকি কোনো পার্থক্য নেই। তবে এই ১৩ ম্যাচে একটা ব্যবধান স্পষ্ট। ভিলানোভার গার্দিওলা পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ম্যাচে ফিরতে জানে। অনেকটা ইউনাইটেডের মতো। মনে হচ্ছে, স্যার ফার্গির মন্ত্র যেন ভিলানোভারও জানা!মৌসুমের এই শুরুর পর্যায়েই অন্তত চারটি ম্যাচে বার্সা পিছিয়ে থেকেও জিতেছে। সুপার কোপায় রিয়ালের বিপক্ষে, লিগে ওসাসুনা আর সেভিয়ার বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগে স্পার্তাক মস্কোর বিপক্ষে। এর মধ্যে সেভিয়ার বিপক্ষে বার্সা পিছিয়ে পড়েছিল ০-২ গোলে। ৮৯ আর ৯৩তম মিনিটে সেস ফ্যাব্রিগাস ও ডেভিড ভিয়ার দুই গোল জিতিয়েছে বার্সাকে। বার্সা পরশুও জিতল একেবারে শেষ বাঁশির আগে। চ্যাম্পিয়নস লিগে বার্সার হয়ে নিজের প্রথম গোলটা স্মরণীয় করে রাখলেন জর্ডি আলবা।দলের বারবার এভাবে ঘুরে দাঁড়ানো দেখে ভিলানোভা বলেছিলেন, তিনি খুশিই। দলের মানসিক শক্তিটা এতে বোঝা যায়। পরশু ম্যাচ শেষে আবারও বললেন, ‘এটা এমন একটা দল, যারা শেষ পর্যন্ত, একেবারে শেষ মিনিট পর্যন্ত লড়াই করতে জানে। দেখুন, এই খেলোয়াড়েরা সবই জিতেছে। তার পরও তাদের জয়ের ক্ষুধা কতটা বেশি।’কিন্তু এভাবে জেতায় তো ভাগ্যের পরশ লাগে। ভাগ্য কি রোজ হাসবে? ভিলানোভা বলছেন, ‘আমি তো বলব আমাদের দুর্ভাগ্য। আগে এত এত গোলের সুযোগ তৈরি করেও গোল পাইনি।’গার্দিওলার ছায়ার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা ভিলানোভার রসবোধের পরিচয়ও মিলছে। ইদানীং বার্সার জালে অনায়াসে গোল ঢুকছে। এই তো লিগে আগের ম্যাচেই চার গোল হজম করলেন ভিক্টর ভালদেস। ভিলানোভার দাবি, এতে নাকি ভালোই হয়েছে। আগে বার্সার বেশির ভাগ ম্যাচ হতো একতরফা। এখন ম্যাচ অনেক জমে উঠছে!মুখে যা-ই বলুন, বার্সার রক্ষণ নিশ্চয়ই ভাবাচ্ছে তাঁকে। এরিক আবিদাল নেই। ইনজুরিতে পড়েছেন জেরার্ড পিকে, কার্লোস পুয়োল, দানি আলভেজ। রক্ষণ নিয়ে দুশ্চিন্তায় ফার্গুসনও। গত ম্যাচে ব্রাগার কাছে ২-০ গোলে পিছিয়ে পড়াটা মোটেও পছন্দ হয়নি ইউনাইটেড কোচের, ‘আমাদের রক্ষণের ব্যাপারটা আমি বুঝতে পারছি না। একেবারেই এর ভেতরে ঢুকতে পারছি না আমি। আমরা যেসব গোল হজম করেছি, সেগুলো বিশ্লেষণ করলে দেখবেন, একেকটার ধরন একেক রকম। আজকেই যেমন একটা গোল হলো ক্রস থেকে, আরেকটা কাটব্যাক থেকে বক্সে ফাঁকায় দাঁড়ানো খেলোয়াড়ের মাধ্যমে। এটা নিয়ে বেশি দোষারোপ করছি না, কিন্তু যেমনটা শুরু দরকার ম্যাচে, আমরা তেমন শুরু পাচ্ছিই না।’ এএফপি, রয়টার্স।