ফার্গির রাগ এবার টিভির ওপর
বেশির ভাগ সময় তাঁকে চটতে দেখা যায় রেফারিদের ওপর। তবে স্যার অ্যালেক্স ফার্গুসন এবার খেপেছেন টিভি চ্যানেলগুলোর ওপর। ক্লাব ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আয়ের একটা বড় অংশ আসে টেলিভিশনের স্বত্ব থেকে। এই সুযোগে টিভি কোম্পানিগুলো নাকি একরকম জিম্মিই করে ফেলেছে এফএকে। ম্যানচেস্টার ইউনাইটেড কোচের মতে, টেলিভিশনের ক্ষমতা বড্ড বেশি!১৯৯২ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত প্রতি মৌসুমে ৬০ ম্যাচের স্বত্ব কিনেছিল স্কাই টিভি ১৯১ মিলিয়ন ইউরোতে, ১৯৯৭ থেকে ২০০১ পর্যন্ত সেটা বেড়ে দাঁড়ায় ৬৭০ মিলিয়ন ইউরো, ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত ১১০ ম্যাচের জন্য ১.২ বিলিয়ন ইউরো। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত প্রতি মৌসুমে দিচ্ছে ১.৭৮২ বিলিয়ন ইউরো।ফার্গির দাবি, এত অর্থ দেওয়ায় সম্প্রচারকারী টিভি চ্যানেল ম্যাচের সূচি সাজায় নিজেদের ইচ্ছামতো, ‘এই মুহূর্তে টেলিভিশনই ঈশ্বর। এটাই রাজা। সূচির দিকে তাকালে দেখা যাবে, টেলিভিশন কোম্পানিগুলো নিজেদের সুবিধামতো সময়ে শীর্ষস্থানীয় দলগুলোর ম্যাচ রাখে। বুধবার রাতে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলে আবার শনিবার মধ্যাহ্নেই লিগ ম্যাচে মাঠে নামার মতো অদ্ভুত ঘটনাও ঘটছে। যেকোনো ম্যানেজারকেই জিজ্ঞেস করুন, তারা কখনোই এতে রাজি হতে চাইবে না।’ম্যানইউ কোচের অভিযোগ, অর্থের ছড়াছড়ির মাঝেও ক্লাবগুলো যথেষ্ট টাকা পাচ্ছে না, ‘প্রিমিয়ার লিগ এখন বিশ্বের প্রায় ২০০টি দেশে দেখানো হচ্ছে। সেদিক থেকে চিন্তা করলে যতটা অর্থ পাওয়া উচিত, আমরা তা পাচ্ছি না।’ক্লাবগুলো এখন টেলিভিশনের ওপর ভীষণ নির্ভরশীল, স্বীকার করেছেন ব্রায়ান বারউইক। ২০০৫ সালের জানুয়ারি থেকে ২০০৮-এর ডিসেম্বর পর্যন্ত তিনি ছিলেন এফএর প্রধান নির্বাহী। তবে ফার্গির অভিযোগের ভালো একটা জবাবও দিয়েছেন বারউইক, ‘স্যার অ্যালেক্সের মন্তব্য গুরুত্বের সঙ্গে নিতেই হবে। তিনি প্রজ্ঞাবান, অভিজ্ঞ ফুটবলব্যক্তিত্বও। কিন্তু আমার জানামতে, দীর্ঘ সময় ধরেই টিভি রাজস্বের একটা উল্লেখযোগ্য অংশ একাই পেয়ে আসছে ম্যানচেস্টার ইউনাইটেড, যা দিয়ে তারা ওল্ড ট্র্যাফোর্ডে দারুণ একটা স্টেডিয়াম গড়েছে, স্যার অ্যালেক্স দলে টানতে পেরেছেন তারকা ফুটবলারদের। টিভি বিপণনে ম্যানচেস্টার ইউনাইটেড সব সময়ই এগিয়ে থাকবে। কারণ, তাদের জনপ্রিয়তা অনেক। ফুটবলকে যতগুলো দেশে নিয়ে গেছে, এ জন্যও প্রিমিয়ার লিগের প্রশংসা প্রাপ্য। এটা সাফল্যের এক অসাধারণ গল্প।’ ওয়েবসাইট।