ফার্গির সঙ্গে ফন গালের মিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ নভেম্বর, ১৯৮৬। আগের দুই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে খানিকটা চাপে আছেন অ্যালেক্স ফার্গুসন। কিউপিআরের সঙ্গে ম্যাচটা হয়ে এল মুক্ত বাতাসে শ্বাস ফেলার উপলক্ষ, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ লিগে এদিনই যে প্রথম জয় পেয়েছিলেন ফার্গি।

২৮ বছর পরের কথা। ১৪ সেপ্টেম্বর, ২০১৪। প্রথম তিন ম্যাচ থেকে দুই পয়েন্ট নিয়ে চাপে লুই ফন গাল। ডি মারিয়া, ফ্যালকাও, রুনি, ফন পার্সিদের ইউনাইটেড যেন নিজেদের হারিয়ে খুঁজছে। শেষ পর্যন্ত সেই কিউপিআরেই স্বস্তি ফন গালের, ইউনাইটেডের হয়ে লিগে প্রথম জয়ে যেন মনে করালেন ফার্গিকে।

এমনিতে কিউপিআরের সঙ্গে ৪-০ গোলের জয়ে উচ্ছ্বাসে ভেসে যাওয়ার কিছু নেই। তবে পরশুর জয়টা অনেক কারণেই একটু অন্য রকম। লাল জার্সি গায়ে ডি মারিয়া প্রথম গোল পেয়েছেন, গোল পেয়েছেন রুনি-মাতা-হেরেরা, রোহো-ব্লাইন্ডদের মনে রাখার মতো অভিষেক হয়েছে। সবচেয়ে বড় কথা, ওল্ড ট্রাফোর্ডে নিজেদের চেনা রূপে ফিরেছে ইউনাইটেড।

অভিজ্ঞ ডাচ কোচ এসে বলতে গেলে দলের খোলনলচেই বদলে দিয়েছেন। ফ্যালকাও, ডি মারিয়া, রোহোরা এসেছেন।  চলে গেছেন ১৯ জন খেলোয়াড়। ম্যাচের আগে এই ‘নতুনের ডাক’ দিয়ে দলকে উজ্জীবিত করেছিলেন ফন গাল, ‘আমি ম্যাচ শুরুর আগেই ওদের বলেছিলাম, “চলো, নতুন একটা শুরু করি”।’ কোচের কথা কতটা তাতিয়ে দিয়েছে, সেটা তো না বললেও চলে।

ইউনাইটেড চার গোল দিয়েছে, তবে সংখ্যাটা অনায়াসেই পাঁচ-ছয় হতে পারত। ফন গাল আত্মবিশ্বাসী, এখন থেকে ইউনাইটেডকে এভাবেই দেখা যাবে, ‘আমি যতগুলো দল সামলেছি, সবাই লিগে সবচেয়ে বেশি গোল করেছিল। আশা করি এবারও লিগ শেষে তা-ই হবে। ফলটা ভালো, তবে আমরা আরও ভালো করতে পারি।’ ডাচ কোচকে অবশ্য বেশি আপ্লুত করেছে খেলার ধরনটাই, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমরা অনেক সুযোগ সৃষ্টি করেছি। আগের ম্যাচগুলোতে আমরাই মাঠে শ্রেয়তর দল ছিলাম, কিন্তু গোল পাইনি।’

আরেকটা কারণেও পরশুর জয়টাকে আলাদাভাবে মনে রাখবেন ডাচ কোচ। এদিন যে তাঁর স্ত্রীর জন্মদিনও ছিল! এএফপি, রয়টার্স, ডেইলি স্টার।