ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে হাজারতম ম্যাচের মাইলফলক ছুঁলেন অ্যালেক্স ফার্গুসন
ফার্গির হাজারে পার্সির এক শ
ফুটবলে নায়ক কখনো মুহূর্তের নাটকীয়তায় হয়ে ওঠেন খলনায়ক। আবার কখনো ঘটে উল্টোটা। সাউদাম্পটনের সঙ্গে শ্বাসরোধ করা ম্যাচে ইউনাইটেড জিতেছে ৩-২ গোলে। ম্যাচের শুরুতে গোল করে রবিন ফন পার্সি আভাস দিয়েছিলেন দিনটা হয়তো তাঁরই হতে যাচ্ছে। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে যখন সমতা ফেরানোর সুযোগ আসে, তখন সেটা আরও বেশি করে মনে হচ্ছিল। কিন্তু এ কী করলেন ফন পার্সি? দোটানায় পড়ে না করলেন চিপ, না করলেন শট! সাউদাম্পটন গোলরক্ষক যখন সেটি ঠেকিয়ে দিলেন তখন নিশ্চয়ই নিজেকে শাপশাপান্ত করছিলেন! পরে দোনোমনা থাকার কথা অবশ্য স্বীকারও করেছেন, ‘প্রথমে ভেবেছিলাম কোনার দিকে জোরে মারব। মুহূর্তেই কেন জানি মত পাল্টালাম।’ কিন্তু নাটকের শেষ অঙ্কটা তখনো মঞ্চস্থ হয়নি। ৮৭ মিনিটে হাভিয়ের হার্নান্দেজের হেড বারে লেগে তাঁর কাছে এলে সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি। তখনো মনে হচ্ছিল এই ম্যাচে ইউনাইটেডের জন্য সমতা ফেরাতে পারাটাই অনেক হয়েছে। কিন্তু অতিরিক্ত সময়ে নানির কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে বুঝিয়ে দিলেন, ফার্গির বিনিয়োগটা এই মৌসুমে বৃথা যাবে না। দলের জয়সূচক তৃতীয় এই গোলটা ইংলিশ প্রিমিয়ার লিগে ফন পার্সির শততম, এল তাঁর ১৯৭তম ম্যাচে। অথচ ২ কোটি ৪০ লাখ পাউন্ডে যখন ম্যানচেস্টার ইউনাইটেড তাঁকে দলে নেয় তখন অনেকেই প্রশ্ন তুলেছিল রুনি, হার্নান্দেজ, ওয়েলবেকরা থাকতে আরও একজন স্ট্রাইকার? কিন্তু রুনির চোটের কারণে আক্রমণভাগে ফন পার্সির কাঁধেই উঠে গেল মূল দায়িত্ব। বাকিটা তো ইতিহাস! খুব কঠিন হয়ে পড়া ম্যাচে হ্যাটট্রিক করে আক্ষরিক অর্থে একক প্রচেষ্টায় জিতিয়েছেন দলকে। তবে পার্সি অভিজ্ঞ পল স্কোলসকেই দিয়েছেন মূল কৃতিত্বটা, ‘সত্যি বলতে কি, আমি বলব যখন স্কোলস নামে তখনই সবকিছু পুরোপুরি বদলে যেতে থাকে। আমার কাছে সে-ই ম্যান অব দ্য ম্যাচ।’ দলে মাত্র এসেই এ রকম ‘অতিমানবীয়’ পারফরম্যান্স, ফার্গুসন তাই নতুন শিষ্যকে প্রশংসায় ভাসিয়েছেন। তবে পার্সির সঙ্গে সুর মিলিয়ে স্কোলসকেই মানছেন মূল কারিগর, ‘পল স্কোলসই দলের মধ্যে সুস্থিতি নিয়ে আসে, ধারাবাহিকভাবে পাস দিতে থাকে এবং ব্যবধানটা গড়ে দেয়।’ এএফপি, রয়টার্স।