ফার্গির 'হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট' দিচ্ছেন ময়েসও!

ট্রিটমেন্ট, তবে ঠিক চিকিত্সাপদ্ধতি নয়। ‘হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট’ দিতেন স্যার অ্যালেক্স ফার্গুসন। হেয়ারড্রায়ার মেশিনের মাধ্যমে চুল যেমন ফেঁপে ওঠে, ম্যানচেস্টার ইউনাইটেড খারাপ খেললে ফার্গি এমন ভয়ংকর বকাঝকা করতেন, শিষ্যদের মাথার চুলও তেমন খাঁড়া হয়ে যেত! ফার্গি নেই। কিন্তু তাঁর হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট এখনো আছে। কালকের পরাজয়ের পর খেলোয়াড়দের নাকি তুলোধুনো করেছেন ফার্গির উত্তরসূরি, আরেক স্কটিশ ডেভিড ময়েস।
গত রাতে ম্যানচেস্টার সিটির কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয় ইউনাইটেড। ব্রিটিশ গণমাধ্যমের খবর, চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে হেরে মাথাটা আর ঠান্ডা রাখতে পারেননি ময়েস। ক্ষুব্ধ খেলোয়াড়দের ওপর নাকি ‘হেয়ারড্রায়ার ট্রিটমেন্ট’ প্রয়োগ করেন ইউনাইটেড কোচ। ব্যাপারটা অবশ্য স্বীকার করেননি ময়েস। তবে তাঁর কথা থেকে স্পষ্ট, হারের পর ইউনাইটেডের ড্রেসিংরুমে উত্তপ্ত বাক্য বর্ষণ করেছেন তিনি।
ফার্গির বিশেষ চিকিত্সা প্রথমবারের মতো প্রয়োগ করা নিয়ে এক প্রশ্নে ময়েসের জবাব, ‘আমার যা বলার বলেছি। বহু বছর এভারটনে কাটিয়েছি। তবে এমন বাজে হার কখনো হারিনি। খেলোয়াড়দের যা বলেছি, অন্য ক্লাবে থাকলেও একই কথা বলতাম। ওরা ভালো খেলোয়াড়। ওদের খুব ভালো করেই জানা আছে, কোনটা ভালো আর কোনটা খারাপ।’
এ ম্যাচে ছিলেন না দলের অন্যতম সেরা স্ট্রাইকার রবিন ফন পার্সি। তবে এটাকে হারের অজুহাত হিসেবে মানতে নারাজ ৫০ বছর বয়সী ময়েস। বরং খেলোয়াড়দের কাছে বাজে খেলার ব্যাখ্যা দাবি করেছেন তিনি। খেলায় হার-জিত থাকবেই। সেই বাস্তবতাটাই মেনে নিয়েছেন ময়েস, ‘প্রত্যেক কোচেরই খারাপ ফল মেনে নিতে হয়। আমিও এর ব্যতিক্রম নই।’
ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত ৪-০-তে পিছিয়ে ছিল ইউনাইটেড। শেষ মুহূর্তে একটি গোল শোধ করে ময়েসের দল। তাতেও অবশ্য মান রক্ষা হয়নি। সিটির মাঠে গত ২৪ বছরে ইউনাইটেডকে ‘নিকৃষ্টতম’ হার মেনে নিতে হয়েছে। সিটি কোচ ম্যানুয়েল পেল্লেগ্রিনিও স্বীকার করেছেন, এমন জয় তাঁরও অপ্রত্যাশিত, ‘ইউনাইটেডের বিপক্ষে ৪-১ গোলের জয় কেউ প্রত্যাশা করে না। এটা দারুণ। যেভাবে আমরা জয়টা পেলাম, তা গুরুত্বপূর্ণ। এটা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আমরা নতুন ধারায় খেলতে শুরু করেছি। আশা করছি, আরও উন্নতি হবে।’ সূত্র: রয়টার্স।