ফার্গুসন-বন্দনা
১৯৮৬ সালের ৬ নভেম্বর, ম্যানচেস্টার ইউনাইটেডে রন অ্যাটকিনসনের জায়গায় বসেছিলেন ৪৪ বছর বয়সী এক স্কট ভদ্রলোক। দিন-মাস-বছর গড়িয়ে কেটে গেল ২৫টি বছর—সিকি শতাব্দী! ৪৪ বছর বয়সী সেই লোকটি এখন ৬৯ বছরের প্রৌঢ়। ম্যানইউর উত্তপ্ত চেয়ারটিতে বসার সময় যিনি ভেবেছিলেন, ‘কত দিন পারবেন’, সেই তিনিই কি না এখন বিস্মিত হন, ‘এত দিন কেটে গেল!’ স্যার অ্যালেক্স ফার্গুসনের নিজের কাছেই ম্যানইউর ২৫ বছর ধরে দায়িত্ব পালনকে মনে হয় ‘রূপকথা।’ ফলকেন্দ্রিক ফুটবলের রুক্ষ পৃথিবীতে কোচ ছাঁটাই যখন নৈমিত্তিক ঘটনা, তখন ফার্গুসনের এই দীর্ঘ স্থায়িত্বের রহস্য কী? উত্তরটা সহজ। অসাধারণ দল ব্যবস্থাপনা! ২৫ বছরে ম্যানইউকে জিতিয়েছেন ৩৭টি ট্রফি। অসামান্য এই অর্জনকে সম্মান না জানিয়ে কি পারে ওল্ড ট্রাফোর্ড! উত্তর পাশের গ্যালারিটার নতুন নাম হয়েছে ‘স্যার অ্যালেক্স ফার্গুসন স্ট্যান্ড’। তাঁর একটা মূর্তি গড়ারও উদ্যোগ নিয়েছে ক্লাব। কাল ওল্ড ট্রাফোর্ডে সান্ডারল্যান্ডের বিপক্ষে লিগ ম্যাচের আগে তাঁকে ‘গার্ড অব অনার’ দিল দুই দল। খেলা শুরুর আগে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন ফার্গুসন। মাঠে ছিল বিশালাকার এক ব্যানার, ‘অসম্ভব এক স্বপ্ন, স্যার অ্যালেক্স ফার্গুসন এটিকে সম্ভব করেছেন।’ ইউরোপের বিভিন্ন লিগের কোচেরা এই স্মরণীয় অর্জনের জন্য প্রশংসায় ভাসিয়ে দিচ্ছেন স্যার ফার্গিকে। বার্সেলোনা থেকে অভিনন্দন জানিয়েছেন পেপ গার্দিওলা। এক সময়ের ‘শত্রু’ হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারও। চেলসিতে তিন বছরের ‘রাজত্বকালে’ মরিনহো অদৃশ্য এক তরবারিই শাণিয়ে রাখতেন ফার্গুসনের জন্য। সেই তিনিই এখন বলছেন, ‘স্যার অ্যালেক্স ইংলিশ ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবলের ইতিহাসে এক অনন্য ম্যানেজার। সত্যিই আমি কামনা করি, তিনি সানন্দে উচ্চাকাঙ্ক্ষা নিয়েই অনেক অনেক বছর এই দায়িত্বে থাকুন।’ওয়েঙ্গার তো ফার্গুসনকে ‘এক ও অদ্বিতীয়’ বলে রায় দিয়ে ফেলছেন, ‘মান ও ধারাবাহিকতা বিবেচনায় এটিকে শুধু অসাধারণই বলতে হয়। এটি ব্যতিক্রমীও, কেননা আমি এমন কাউকে জানি না যিনি শীর্ষ পর্যায়ে একটা ক্লাবেই ২৫ বছর কাটিয়ে দিয়েছেন। মনেও হয় না আর কেউ এটা পারবে।’ ওয়েবসাইট।